চুয়াডাঙ্গার জীবননগর সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় রাসেল হোসেন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সন্তোষপুর ইকোপার্কের পাশে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত রাসেল হোসেন জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মাদ্রাসাপাড়ার ইলিয়াস হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১১ নভেম্বর) ভোরে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে তারা সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কের ইকোপার্কের পাশে খাদের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখতে পায়। মরদেহটির পাশে একটি নীল রঙের বাজাজ আরটিআর মডেলের মোটরসাইকেল দুমড়ে মুচড়ে পড়ে ছিল। পরে ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময়ে চলন্ত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই রাসেল হোসেন মারা যান।

নিহত রাসেল হোসেনের বাবা ইলিয়াস হোসেন বলেন, তার ছেলে রাজমিস্ত্রীর কাজ করত। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯ টার দিকে সন্তোষপুর তেলপাম্পে মোটরসাইকেলের তেল কেনার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। তারপর সে আর বাড়ি ফেরেনি। সারারাত তার ফোনে কল দেয়া হলেও কল রিসিভ হয়নি। ভোরে খবর পাওয়া যায় যে, সে এক্সিডেন্ট করেছে। ঘটনাস্থলে এসে দেখি আমার ছেলের মরদেহ পড়ে আছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান, সন্তোষপুর ইকোপার্কের নিকট দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হই। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গাছের সাথে ধাক্কা মেরে ঘটনাস্থলেই সে মারা যায়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহ পাঠিয়ে একটি মৃত্যু সনদ নিয়ে তারপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে দেয়া হবে।