ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় ওয়াশিংটনে নিজের বাসভবন ছেড়ে একটি সেনাঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তাঁর স্থানান্তরের বিষয়ে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন স্কট বেসেন্ট। বিশেষ করে তেহরানের বিরুদ্ধে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ এবং ‘সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধ’ পরিচালনায় তিনি ছিলেন অন্যতম প্রধান ব্যক্তি।
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, শুধু বেসেন্ট নন, ট্রাম্প প্রশাসনের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিরাপত্তাঝুঁকির কারণে সেনাঘাঁটি কিংবা নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের সদ্য নিয়োগপ্রাপ্ত চিফ অব স্টাফ স্টিফেন মিলার।
এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান জে ক্লেটন সতর্ক করে বলেছিলেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু করার তৎপরতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ইরান। এ বিষয়ে জারি করা এক স্মারকপত্রে তিনি জানান, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের হামলার পরিকল্পনাগুলো প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ওই স্মারকপত্রটি দেখেছে বলে জানিয়েছে।
নিরাপত্তাঝুঁকি বিবেচনায় এর আগে গত মাসে সৌদি আরব থেকে অধিকাংশ দূতাবাসকর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল ওয়াশিংটন।
এ ছাড়া ইরানের পক্ষ থেকে আসা হুমকির প্রেক্ষাপটে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাজ্যের দুটি সামরিক ঘাঁটি থেকেও কিছু যুদ্ধবিমান সরিয়ে নিয়েছে মার্কিন সামরিক বাহিনী।