জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্কের আন্তালিয়ায় সম্মেলনস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তিনি সম্মেলনস্থলে উপস্থিত হন।
বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এর আগে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
আগামীকাল বৃহস্পতিবার কপ-৩১ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি জলবায়ু সহনশীল ও টেকসই উন্নয়নে বাংলাদেশের অগ্রাধিকারও তুলে ধরবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছে। প্রতিনিধি দলে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল।
এ ছাড়া প্রতিনিধি দলে রয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) এবং উপপ্রেস সচিব হাসান শিপলুসহ অন্য সদস্যরা।
সফরসূচি অনুযায়ী, আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।