কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছোটগল্প ও তাঁর সাহিত্যকর্মে ব্যবহৃত গানের সমন্বয়ে মঞ্চে আসছে বিশেষ শ্রুতি প্রযোজনা ‘চাঁদনি পসরে’। আগামী ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হবে ব্যতিক্রমী এ সাংস্কৃতিক আয়োজন।
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক আবৃত্তি সংগঠন ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, আবৃত্তি ও সংগীতের সম্মিলিত পরিবেশনায় হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম দর্শক-শ্রোতাদের কাছে নতুন মাত্রায় উপস্থাপিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাঃ হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্বরকল্পন আবৃত্তিচক্রের অধিকর্তা শহীদূল হক মিল্কী। প্রযোজনাটির নির্দেশনায় রয়েছেন নির্মাতা জাহিদুর রহমান।
আয়োজকদের পরিকল্পনায়, হুমায়ূন আহমেদের ছোটগল্পের সাহিত্যিক আবেদন, চরিত্রের মনস্তত্ত্ব, সংলাপ ও জীবনঘনিষ্ঠ অনুভূতির সঙ্গে তাঁর সাহিত্যকর্মে ব্যবহৃত গানের আবহ মিলিয়ে তৈরি করা হয়েছে এ শ্রুতি প্রযোজনা। আবৃত্তি ও শ্রুতিনির্ভর পরিবেশনার মধ্য দিয়ে গল্প ও গানের মেলবন্ধনে দর্শক-শ্রোতারা উপভোগ করবেন এক ভিন্নধর্মী সাংস্কৃতিক অভিজ্ঞতা। আয়োজকদের দাবি, আবৃত্তি অঙ্গনে হুমায়ূন আহমেদের ছোটগল্প অবলম্বনে এ ধরনের শ্রুতি প্রযোজনা প্রথমবারের মতো মঞ্চস্থ হতে যাচ্ছে।
বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদ এক অনন্য নাম। সহজ-সরল ভাষায় গভীর জীবনবোধ, মানবিক সম্পর্ক, প্রেম, বিরহ, প্রকৃতি ও মানুষের মনোজগতের সূক্ষ্ম অনুভূতি তুলে ধরার অসাধারণ দক্ষতা তাঁকে পাঠকসমাজে দিয়েছে বিশেষ অবস্থান। তাঁর সৃষ্ট চরিত্র, সংলাপ ও জীবনঘনিষ্ঠ গল্প বলার ভঙ্গি আজও পাঠক ও দর্শকদের সমানভাবে আকৃষ্ট করে।
আয়োজক সংগঠন স্বরকল্পন আবৃত্তিচক্র মনে করে, ‘চাঁদনি পসরে’ প্রযোজনার মধ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে হুমায়ূন আহমেদের সাহিত্যকর্মের প্রতি আগ্রহ বাড়বে। একই সঙ্গে আবৃত্তিচর্চার প্রসার এবং বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশেও আয়োজনটি ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা। আয়োজনটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল ২৪ ও দেশ রূপান্তর।
অনুষ্ঠানের বিস্তারিত:
নাম: চাঁদনি পসরে
আয়োজক: স্বরকল্পন আবৃত্তিচক্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি
অবলম্বন: হুমায়ূন আহমেদের ছোটগল্প ও তাঁর সাহিত্যকর্মে ব্যবহৃত গান
নির্দেশনা: জাহিদুর রহমান
তারিখ: ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার
সময়: সন্ধ্যা ৬টা
স্থান: এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা
মিডিয়া পার্টনার: চ্যানেল ২৪ ও দেশ রূপান্তর।