ঢাকার বিভিন্ন দরিদ্র এলাকার ভিডিও ধারণ করে সেগুলোকে ভারতের রাজধানী দিল্লির বস্তি ও জনজীবনের দৃশ্য হিসেবে প্রচারের অভিযোগ উঠেছে একদল চীনা ভ্লগারের বিরুদ্ধে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ভারত সরকার।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে প্রকাশিত গণমাধ্যমের প্রতিবেদনগুলো ভারতের নজরে এসেছে। কোনো দেশের বিকৃত চিত্র তুলে ধরার এমন প্রচেষ্টা দুঃখজনক।
রণধীর জয়সওয়াল আরও বলেন, কিছু বিদেশি উৎস থেকে ঢাকার নির্দিষ্ট এলাকাগুলোকে দিল্লির অংশ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি সম্পর্কে ভারত অবগত রয়েছে। এসব ভিডিওতে বানোয়াট বক্তব্য ও বিভ্রান্তিকর বয়ান ছড়ানো হচ্ছে, যা এর পেছনে জড়িত ব্যক্তিদের উদ্দেশ্য ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ভারত।

বুধবার (১১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে। সংবাদমাধ্যমটির দাবি, বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১৫০ জন চীনা নাগরিক গত কয়েক মাস ধরে ঢাকার বিভিন্ন দরিদ্র এলাকায় ঘুরে ঘুরে মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন। পরে এসব ভিডিও ভারতের বিভিন্ন এলাকার দৃশ্য, বিশেষ করে দিল্লির বস্তি হিসেবে চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
এনডিটিভি তাদের প্রতিবেদনে বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর একটি প্রতিবেদনেরও উল্লেখ করেছে। সেখানে বলা হয়, চীনা নাগরিকদের একটি দল ঢাকার টেকপাড়া ও উত্তরার বিভিন্ন সংকীর্ণ গলি এবং দরিদ্র বসতিতে ভিডিও ধারণ করছেন। এসব ভিডিও সরাসরি সম্প্রচারের পাশাপাশি চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হচ্ছে। এমনকি স্থানীয় বাসিন্দাদের বাড়িতে প্রবেশ করেও ভিডিও ধারণের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, ঢাকায় অবস্থান করেই এসব ভ্লগার নিজেদের দিল্লিতে রয়েছেন বলে দাবি করছেন। ভিডিওগুলোতে স্থানীয় মানুষের জীবনযাত্রা, আবাসনব্যবস্থা, পয়োনিষ্কাশন সুবিধা ও পরিবেশ নিয়ে অবমাননাকর মন্তব্য করা হচ্ছে। এর মাধ্যমে দিল্লি ও ভারতের সামগ্রিক জীবনযাত্রা সম্পর্কে বিদেশি দর্শকদের মধ্যে নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা চলছে বলে মনে করছে ভারতীয় পক্ষ।
এ ঘটনাকে নিছক ভ্লগিংয়ের বিষয় হিসেবে দেখছে না ভারত। বরং ঢাকার বিভিন্ন এলাকার দৃশ্যকে দিল্লির নামে প্রচার এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগকে পরিকল্পিত অপতথ্য প্রচারের অংশ হিসেবে বিবেচনা করছে দেশটি। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট চীনা নাগরিকদের কর্মকাণ্ড খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।