টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

রাজধানীর নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন হত্যা মামলায় আরেক শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য এ রিমান্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান আসলামের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন, এর নেপথ্যে থাকা ইন্ধনদাতাদের শনাক্ত, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনায় জড়িত গ্রেপ্তার ও পলাতক অন্য আসামিদের অবস্থান নিশ্চিত করতে আসলামকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আদালত সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে আসলামকে আদালতে হাজির করা হয়। শুনানির আগে তাকে কড়া পুলিশি নিরাপত্তায় এজলাসে তোলা হয়। এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষে অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৮ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন খন্দকার নাইম আহমেদ টিটন (৫৫)। এ ঘটনায় তার বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, টিটনের সঙ্গে গরুর হাটের ইজারা নিয়ে কয়েকজনের বিরোধ তৈরি হয়েছিল। এ বিরোধের পেছনে ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল বা কাইল্লা বাদল, শাজাহান এবং রনি ওরফে ভাঙ্গারি রনির নাম উল্লেখ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, ঘটনার আগের দিন ২৭ এপ্রিল টিটন তার বড় ভাইকে ফোন করে জানান, প্রতিপক্ষ তাকে ডেকেছে এবং সমঝোতার মাধ্যমে বিরোধ মেটানোর কথা বলেছে। পরদিন ২৮ এপ্রিল সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় তার ওপর হামলা চালানো হয়। মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারীসহ আরও পাঁচ থেকে সাতজনের পরিকল্পনায় তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়।

গুলিবিদ্ধ অবস্থায় টিটন মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন ভোরে তার বড় ভাই হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
এজাহারে আরও বলা হয়, দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের ১৩ আগস্ট জামিনে মুক্তি পান টিটন। এরপর তিনি ঢাকার হাজারীবাগের সুলতানগঞ্জ এলাকায় বসবাস করছিলেন। পরিবারের আর্থিক ক্ষতির জন্য অনুশোচনা প্রকাশ করে বড় ভাইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। নতুন করে ব্যবসা শুরুর পাশাপাশি একটি গরুর হাটের ইজারা নেওয়ারও চেষ্টা করছিলেন তিনি।

গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, সুইডেন আসলাম নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের অন্যতম আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছিলেন। তার প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। তার বাবার নাম শেখ জিন্নাত আলী। পৈতৃক নিবাস ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকায় হলেও বেড়ে উঠেছেন রাজধানীর ইন্দিরা রোডে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

১

বিদেশি বিনিয়োগ সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর

৩

৩৩,৩৪৯ খাতার ফল বদলেছে এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে

৪

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক: সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংস্কার পরিষদের শপথ চায় এনসিপি

৫

হামে মৃত্যু শূন্য দিনে শনাক্ত ১ হাজার ৪১৭

৬

১৬ ডিসেম্বর উদ্বোধন থার্ড টার্মিনাল, চুক্তি সই ৩০ নভেম্বরের মধ্যে

৭

প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

৮

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক চলছে

৯

নীল সুইমস্যুটে ‌‌‌‌‌‌মিস ইউনিভার্স মঞ্চে নজর কাড়লেন মাহি

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সচিবালয়ে এনসিপি নেতারা

১১

হাইকোর্টের আদেশ স্থগিত, নির্ধারিত সময়েই হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।