মাদরাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বয়স ও অসুস্থতার কারণ দেখিয়ে তাঁর আইনজীবী জামিন চাইলেও রাষ্ট্রপক্ষের বিরোধিতায় তা মঞ্জুর হয়নি।
সোমবার (২৩ নভেম্বর) উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ জামিন আবেদন খারিজের আদেশ দেন।
আদালতে নুরুল ইসলাম নাহিদের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট সাথী শাহা। অন্যদিকে জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন। প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৯ নভেম্বর মাদরাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তাঁকে কারাগারে পাঠানোর আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আর্থিক সহায়তা দিয়েছিলেন নাহিদ।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় আন্দোলন চলাকালে হামলার শিকার হন মাদরাসাছাত্র সাদিকুল ইসলাম। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করা হয়।