ঢাকার বাইরে দেশের বিভিন্ন শহরে নিজস্ব ক্রিকেট একাডেমি চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিকভাবে ছয়-সাতটি শহরে একযোগে এ কার্যক্রম শুরু করতে চান বোর্ড সভাপতি তামিম ইকবাল। এসব একাডেমিতে বাছাই করা খুদে ক্রিকেটাররা সম্পূর্ণ বিনা খরচে বিসিবির কোচদের অধীনে প্রশিক্ষণের সুযোগ পাবে।
আগামী ২৮ নভেম্বরের বোর্ড সভায় এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করবেন বলে জানিয়েছেন তামিম। বোর্ডের অনুমোদন পেলে কয়েক মাসের মধ্যেই একাডেমিগুলোর কার্যক্রম শুরু করার আশা করছেন তিনি।
সিলেটের উদাহরণ দিয়ে বিসিবি সভাপতি বলেন, সেখানে মাঠ, উইকেট ও ইনডোর সুবিধা রয়েছে। পাশাপাশি কোচদের বেতনও দেয় বিসিবি। ফলে নতুন করে বড় ধরনের অবকাঠামো তৈরি না করেই বিদ্যমান সুযোগ-সুবিধা ব্যবহার করে একাডেমি চালু করা সম্ভব। এ জন্য মূলত প্রয়োজন হবে ক্রিকেটের সরঞ্জাম ও পোশাক।
সিলেটের পাশাপাশি চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও বরিশালের মতো শহরেও একাডেমি চালুর সম্ভাবনা দেখছেন তামিম। জেলা ও বিভাগীয় পর্যায়ে বিসিবির বেতনভুক্ত কোচরাই এসব একাডেমিতে প্রশিক্ষণ দিতে পারবেন।
সম্প্রতি সংবাদ সম্মেলনে জাতীয় দলের টানা নয় ম্যাচে জয় না পাওয়ার প্রসঙ্গে প্রশ্নের জবাব দিতে গিয়ে ভবিষ্যৎ ক্রিকেটার তৈরির পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। তামিম জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের কীভাবে তৈরি করা যায়, তা নিয়ে ভাবছেন তিনি।
বয়সভিত্তিক ক্রিকেটের প্রস্তুতিপ্রক্রিয়ায় পরিবর্তন আনার কথাও বলেছেন বিসিবি সভাপতি। তাঁর মতে, প্রতিযোগিতা শুরুর মাত্র এক সপ্তাহ আগে বয়স যাচাই না করে কয়েক মাস আগেই এই প্রক্রিয়া শুরু করা উচিত। এতে নির্বাচিত ক্রিকেটাররা চার মাস ধরে বিসিবির একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে পরে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
একাডেমিগুলো হবে অনাবাসিক। অর্থাৎ, শহর ও আশপাশের এলাকার ক্রিকেটাররা নির্ধারিত সময়ে অনুশীলনে এসে আবার বাড়ি ফিরে যাবে। শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়টি বিবেচনায় রেখে বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। তবে প্রতিটি একাডেমিতে কতজন ক্রিকেটার সুযোগ পাবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।
প্রশিক্ষণের জন্য ক্রিকেটারদের কোনো খরচ বহন করতে হবে না বলে স্পষ্ট জানিয়েছেন তামিম। তাঁর ভাষায়, ‘আর ইট উইল বি অ্যাবসোলিউটলি কমপ্লিটলি ফ্রি।’
বিসিবির নিজস্ব একাডেমি চালু হলে স্থানীয় ক্রিকেট একাডেমিগুলোর ওপর কী প্রভাব পড়বে, এমন প্রশ্নে তামিম বলেন, স্থানীয় একাডেমি থেকে কোনো ক্রিকেটার বিসিবির একাডেমিতে সুযোগ পেলে সেটি ওই প্রতিষ্ঠানের জন্যও গর্বের বিষয় হবে। তাঁর মতে, চট্টগ্রামের কোনো স্থানীয় একাডেমি থেকে দুজন ক্রিকেটার বিসিবির একাডেমিতে নির্বাচিত হলে তা ওই একাডেমির সাফল্য হিসেবেই বিবেচিত হবে। এতে অন্য অভিভাবকেরাও সন্তানদের সেখানে প্রশিক্ষণের জন্য পাঠাতে উৎসাহিত হবেন।
প্রাথমিকভাবে কয়েকটি শহরে কার্যক্রম শুরু হলেও দেশের ৬৪ জেলায় একাডেমি গড়ে তোলার স্বপ্ন দেখছেন বিসিবি সভাপতি। তবে এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে স্থানীয় পর্যায় থেকেও উদ্যোগ চান তিনি।
তামিমের মতে, কোনো জেলায় মাঠ থাকলেও ইনডোর সুবিধা না থাকলে সেখানে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে একাডেমি চালুর পথ তৈরি হতে পারে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তো চাইব ৬৪টা হোক। … বাট ৬৪ হওয়ার জন্য তো ওই মিনিমাম ফ্যাসিলিটিজটা তো আমার দরকার হবে।’