বিজিএমইএর পর্যবেক্ষণের প্রতিক্রিয়া/ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন জরিপ চায় সিপিডি

বিজিএমইএর পর্যবেক্ষণের প্রতিক্রিয়া/ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন জরিপ চায় সিপিডি

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে শ্রমিক ও কারখানা, উভয় পক্ষের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন করে বৈজ্ঞানিক জরিপ পরিচালনার দাবি জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি বলেছে, জ্বালানি সংকট, উচ্চ সুদহার ও দুর্নীতির মতো কাঠামোগত সমস্যার দায় শ্রমিকদের কম মজুরি দিয়ে মেটানো উচিত নয়।

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে সিপিডির সাম্প্রতিক বিশ্লেষণের বিষয়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) দেওয়া পর্যবেক্ষণের জবাবে এসব কথা জানিয়েছে সংস্থাটি।

রোববার (২২ নভেম্বর) বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানের কাছে পাঠানো এক চিঠিতে সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ সংস্থাটির অবস্থান তুলে ধরেন।

চিঠিতে বলা হয়, ন্যূনতম মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয়, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, মূল্যস্ফীতি ও ব্যবসার সক্ষমতার পাশাপাশি বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৪১ ধারায় উল্লেখিত মানদণ্ড বিবেচনা করা প্রয়োজন। এ জন্য শ্রমিক ও কারখানার বাস্তব পরিস্থিতি তুলে ধরতে বড় পরিসরে বৈজ্ঞানিক নমুনাভিত্তিক জরিপ পরিচালনা জরুরি।

সিপিডি জানিয়েছে, তারা শ্রমিকদের মজুরি বৃদ্ধির পক্ষে। তবে ভাঙচুর, সহিংসতা কিংবা শিল্পে অস্থিরতাকে সমর্থন করে না। এ ধরনের ঘটনায় শ্রমিক, শিল্পপ্রতিষ্ঠান ও সামগ্রিকভাবে দেশ ক্ষতিগ্রস্ত হয়।

পরিবারের সদস্য ও উপার্জনকারীর সংখ্যা নিয়ে ব্যাখ্যা

বিজিএমইএর পর্যবেক্ষণের জবাবে সিপিডি জানিয়েছে, তাদের মজুরি বিশ্লেষণে একটি পরিবারের সদস্য হিসেবে চারজন এবং উপার্জনকারী হিসেবে ১ দশমিক ৫৮ জনকে বিবেচনা করা হয়েছে। বিভিন্ন গবেষণার তথ্য বিশ্লেষণ করে এ হিসাব নির্ধারণ করেছে সংস্থাটি। তবে গবেষণাগুলো ভিন্ন সময়, এলাকা ও পদ্ধতিতে পরিচালিত হওয়ায় প্রাপ্ত তথ্যে পার্থক্য রয়েছে। এ কারণে তুলনামূলক বেশি বা কম কোনো একটি মানের প্রভাব এড়াতে মধ্যমান ব্যবহার করা হয়েছে। সিপিডি অবশ্য স্বীকার করেছে, এই হিসাব প্রতিনিধিত্বশীল নমুনাভিত্তিক জরিপের বিকল্প নয়।

বিজিএমইএর প্রস্তাব অনুযায়ী পরিবারের সদস্যসংখ্যার সরল গড় ব্যবহার করলেও মজুরির হিসাবে বড় কোনো পরিবর্তন আসবে না বলে মনে করছে সিপিডি। পাঁচটি উৎসের তথ্য অনুযায়ী পরিবারের সদস্যসংখ্যার সরল গড় ৩ দশমিক ৯৩ জন, যেখানে সিপিডি মধ্যমান হিসেবে চারজন ধরেছে।

এ ছাড়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আর্থসামাজিক ও জনমিতিক জরিপ (এসইডিএস) ২০২৩-এর তথ্য ব্যবহারের প্রস্তাবের বিষয়েও ব্যাখ্যা দিয়েছে সংস্থাটি। তাদের হিসাব অনুযায়ী, পরিবারের সদস্যসংখ্যা চারজনের পরিবর্তে ৩ দশমিক ৯৬ জন ধরলে দারিদ্র্যসীমাভিত্তিক মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে কমে ১৮ হাজার ৩৯২ টাকা হবে। অর্থাৎ পার্থক্য মাত্র ১৮৬ টাকা।

অন্যদিকে, উপার্জনকারী সদস্যের সংখ্যা নিয়ে বিবেচিত গবেষণাগুলোতে ১ দশমিক ৩৭ থেকে ২ দশমিক ১০ জনের তথ্য পাওয়া গেছে। পাঁচটি উৎসের সরল গড় প্রায় ১ দশমিক ৬৭ জন হলেও তুলনামূলক বেশি মানের প্রভাব কমাতে ১ দশমিক ৫৮ জনের মধ্যমান নেওয়া হয়েছে।

শহরাঞ্চলের দারিদ্র্যসীমা ব্যবহারের পক্ষে সিপিডি

ন্যূনতম মজুরি বিশ্লেষণে ঢাকা বিভাগের শহরাঞ্চলের উচ্চ দারিদ্র্যসীমা ব্যবহারের যৌক্তিকতা তুলে ধরেছে সিপিডি। সংস্থাটির মতে, পোশাকশ্রমিকদের বড় অংশ শহর ও শহরসংলগ্ন শিল্পাঞ্চলে বসবাস করেন। তাঁদের বাসাভাড়া দিতে হয় এবং খাদ্যসহ দৈনন্দিন প্রয়োজনের অধিকাংশ পণ্য বাজার থেকে কিনতে হয়। তাই জীবনযাত্রার ব্যয় নির্ধারণে শহরাঞ্চলের দারিদ্র্যসীমা বিবেচনা করা যুক্তিসংগত।

চিঠিতে উল্লেখ করা হয়, বিবিএসের খানা আয় ও ব্যয় জরিপ ২০২২-এ ঢাকা বিভাগের শহরাঞ্চলের জন্য নির্ধারিত উচ্চ দারিদ্র্যসীমা শুধু ঢাকা মহানগরের ক্ষেত্রে নয়, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ ঢাকা বিভাগের শহর হিসেবে শ্রেণিবদ্ধ শিল্পাঞ্চলেও প্রযোজ্য। ওই জরিপ অনুযায়ী, ঢাকা বিভাগের শহরাঞ্চলে মাথাপিছু উচ্চ দারিদ্র্যসীমা ৪ হাজার ৯২২ টাকা।

বিজিএমইএ শহর ও গ্রামের দারিদ্র্যসীমার সরল গড় ব্যবহারের প্রস্তাব দিলেও তাতে আপত্তি জানিয়েছে সিপিডি। সংস্থাটির বক্তব্য, পোশাকশ্রমিকদের কত অংশ শহরে এবং কত অংশ গ্রামে বসবাস করেন, সে বিষয়ে নির্ভরযোগ্য তথ্য ছাড়া দুই এলাকার দারিদ্র্যসীমাকে সমান গুরুত্ব দেওয়া ঠিক হবে না।

তবে শ্রমিকদের বসবাসের এলাকাভিত্তিক তথ্য পাওয়া গেলে তাঁদের সংখ্যার অনুপাতে ভারিত গড়ে দারিদ্র্যসীমা নির্ধারণ করা যেতে পারে। এ ক্ষেত্রে রপ্তানির পরিমাণের পরিবর্তে সংশ্লিষ্ট এলাকার শ্রমিকসংখ্যাকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বাসাভাড়া দুইবার হিসাবের অভিযোগ নাকচ

সিপিডির মজুরি বিশ্লেষণে বাসাভাড়া দুইবার গণনা করা হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছিল বিজিএমইএ। তাদের যুক্তি ছিল, খাদ্যবহির্ভূত ব্যয়ের মধ্যে বাসাভাড়া অন্তর্ভুক্ত থাকার পরও আলাদাভাবে ১০ হাজার টাকা বাসাভাড়া যোগ করা হয়েছে।

জবাবে সিপিডি জানিয়েছে, বিবিএসের খাদ্যবহির্ভূত ব্যয় থেকে ঘরভাড়া এবং খাদ্যব্যয় থেকে তামাক বাদ দিয়েই অপরিহার্য ব্যয়ের হিসাব করা হয়েছে। এসব ব্যয়ের মধ্যে কাপড়চোপড়, ইউটিলিটি বিল, শিক্ষা, যাতায়াত, ব্যক্তিগত পরিচর্যা ও যোগাযোগ খরচ রয়েছে। ফলে আবাসন ব্যয় দুইবার গণনার অভিযোগ সঠিক নয়।

বার্ষিক ইনক্রিমেন্ট ও ন্যূনতম মজুরি আলাদা

বিজিএমইএর পর্যবেক্ষণে পোশাকশ্রমিকদের বার্ষিক মজুরি বৃদ্ধির হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৯ শতাংশ করার বিষয়টিও উঠে এসেছে। এ বিষয়ে সিপিডি বলেছে, ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া ৯ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের ফলে কর্মরত শ্রমিকদের মজুরি বেড়েছে। তবে বার্ষিক ইনক্রিমেন্ট ও নতুন শ্রমিকের জন্য নির্ধারিত ন্যূনতম মজুরি এক বিষয় নয়।

সিপিডির ব্যাখ্যা অনুযায়ী, বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের ভিত্তিতে নির্ধারিত হয়। অন্যদিকে, ন্যূনতম মজুরি হলো নির্দিষ্ট গ্রেডে নতুন নিয়োগ পাওয়া শ্রমিকের জন্য নির্ধারিত সর্বনিম্ন মজুরি।

বর্তমান মজুরি কাঠামোয় সর্বনিম্ন গ্রেডে নতুন যোগদানকারী একজন শ্রমিকের মোট ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। বার্ষিক ইনক্রিমেন্টের কারণে পুরোনো শ্রমিকদের মজুরি বাড়লেও নতুন শ্রমিকদের জন্য নির্ধারিত এই ন্যূনতম মজুরি পরিবর্তিত হয়নি। তবে ইনক্রিমেন্টের কারণে কারখানাগুলোর সামগ্রিক শ্রমব্যয় বেড়েছে।

নির্দিষ্ট অঙ্কের বদলে মজুরির পরিসর প্রস্তাব

সিপিডি জানিয়েছে, তাদের বিশ্লেষণে মূলত সর্বনিম্ন বা এন্ট্রি গ্রেডের মজুরিকে গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ ন্যূনতম মজুরি নির্ধারণের আলোচনায় এটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে। তবে অন্য গ্রেডগুলোর মজুরিও সমানভাবে বিবেচনার দাবি রাখে। দক্ষতা, কাজের দায়িত্ব, অভিজ্ঞতা ও উৎপাদনশীলতার ভিত্তিতে যৌক্তিক গ্রেডভিত্তিক মজুরি কাঠামো থাকা প্রয়োজন।

সংস্থাটির দাবি, মজুরি বিশ্লেষণে শিল্পের সক্ষমতা, উৎপাদন ব্যয়, সুদের হার, রপ্তানিমূল্য ও যুক্তরাষ্ট্রের শুল্কের চাপও বিবেচনায় নেওয়া হয়েছে। এ কারণে একটি নির্দিষ্ট অঙ্কের পরিবর্তে মজুরির একটি পরিসর তুলে ধরা হয়েছে।

সিপিডির মতে, মৌলিক চাহিদাভিত্তিক মজুরি নির্ধারণে এই পরিসরের নিম্নসীমা এবং শ্রমিকদের মজুরি দেওয়ার সক্ষমতা নির্ধারণে ঊর্ধ্বসীমা বিবেচনা করা যেতে পারে। তবে কারখানার ব্যয়, পণ্যের মূল্য ও মুনাফার হালনাগাদ তথ্য না থাকায় শিল্পের প্রকৃত মজুরি দেওয়ার সক্ষমতা নির্ভুলভাবে নির্ধারণ করা কঠিন।

সব মিলিয়ে, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে অনুমাননির্ভর হিসাবের পরিবর্তে শ্রমিক ও কারখানার বাস্তব তথ্যের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য বৈজ্ঞানিক কাঠামো তৈরির ওপর জোর দিয়েছে সিপিডি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনা খরচে ঢাকার বাইরে ক্রিকেট শেখাবে বিসিবি!

১

২১ দিনে ডেঙ্গুতে শতাধিক মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯

২

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

৪

পরীক্ষায় এআই দিয়ে জালিয়াতি, সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

৫

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

৬

বেড়ায় পরিস্থিতি থমথমে, আওয়ামী লীগের ৫ সমর্থক আটক

৭

বিজিএমইএর পর্যবেক্ষণের প্রতিক্রিয়া/ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন জরিপ চায় সিপিডি

৮

সাভারে এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা: ১৯ আসামির বিচার শুরু

৯

১২ দিনের ব্যবধানে খুলনায় ফের রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি

১০

নছিমন-মোটরবাইকে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল দুইজনের

১১

ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।