নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষণা করা হবে। বাংলাদেশ সময় বিকেল ৩টায় এ রায় ঘোষণার কথা রয়েছে।
২০১৯ সালে পশ্চিম আফ্রিকার মুসলিম-প্রধান দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি দায়ের করে। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানের মুখে বিপুলসংখ্যক রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার প্রেক্ষাপটে এ আইনি পদক্ষেপ নেওয়া হয়।
মামলায় গাম্বিয়ার অভিযোগ, ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর পরিচালিত অভিযান গণহত্যার শামিল। ওই অভিযানের পর অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন।
অভিযানের সময় হত্যা, ব্যাপক ধর্ষণ এবং বাড়িঘরে অগ্নিসংযোগের মতো ভয়াবহ ঘটনার বিবরণ দিয়েছেন রোহিঙ্গা শরণার্থীরা। জাতিসংঘের একটি অনুসন্ধান কমিশনও ওই অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হওয়ার কথা উল্লেখ করেছে।
অন্যদিকে, মিয়ানমার গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। দেশটির দাবি, সন্ত্রাসীদের বিরুদ্ধে বৈধ পদক্ষেপ হিসেবেই ২০১৭ সালে ওই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছিল।