বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট করে বলেছেন, এসব অপরাধে জড়িত ব্যক্তিদের বিএনপিতে কোনো স্থান নেই। তাঁদের কর্মকাণ্ডের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে প্রতিষ্ঠিত দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে দেওয়া হবে না।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তার রাজনীতি করার অধিকার থাকতে পারে না। চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বাধীনভাবে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এ ধরনের অপরাধীদের সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই।
তিনি আরও অভিযোগ করেন, চাঁদাবাজি ও মাদক কারবারে জড়িত কিছু ব্যক্তি আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাতের মাধ্যমে নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন। বিগত ১৭ বছরেও তাঁরা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বিএনপিতে এমন ব্যক্তিদের কোনো প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার ১১৯টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে জেলা পরিষদের পক্ষ থেকে মোট ৯৫ লাখ ৬০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।