গোপালগঞ্জে ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ধারাবাহিক সহিংসতা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় কয়েকশ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনের সংকলিত একটি নথিতে এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।
নথি অনুযায়ী, এ সময়ে জেলার প্রায় ১০০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান, তিনজন সংসদ সদস্যের বাসভবন, দুটি থানা, একটি হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, যানবাহন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সহিংসতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়। এ ছাড়া আরও ১৫টি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। সংখ্যালঘু সম্প্রদায়ের মালিকানাধীন অন্তত ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠানও ভাঙচুর করা হয়। জেলার বিভিন্ন স্থানে বিএনপির ১৫ থেকে ২০টি কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের আট থেকে ১০টি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের তথ্য পাওয়া গেছে।

একটি হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থাপনায় হামলা ও ভাঙচুরের কারণে চিকিৎসাসেবা ও শিক্ষাকার্যক্রমও ব্যাহত হয়েছে।
জেলা প্রশাসনের নথিতে দেখা যায়, ১০ নভেম্বর থেকে সহিংসতার সূত্রপাত হলেও ১৭ ও ১৯ নভেম্বর হামলার মাত্রা সবচেয়ে বেশি ছিল। বিশেষ করে ১৯ নভেম্বর জেলার চারটি উপজেলায় ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
মুকসুদপুরে উপজেলা পরিষদের সিসিটিভি ক্যামেরা, থানা, গ্রামীণ ব্যাংকের মুকসুদপুর, বলগ্রাম ও বাটিকামারী শাখা এবং উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়।
কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লার বাসভবনসহ বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালানো হয়। রাজপাট ইউনিয়নের হাইশুর গ্রামে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত চারটি হিন্দু পরিবারের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী গ্রামের আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে।
ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা আটটি বাড়ি, পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি পোলট্রি খামার ভাঙচুর ও লুটপাট করে। হামলার পর থেকে পরিবারগুলো আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে।
কোটালীপাড়ায় পৌর বিএনপির সাধারণ সম্পাদকের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। গোপালগঞ্জ সদরের বিজয়পাশায় সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে একটি এসআরবি গাড়ি ভাঙচুর করা হয়। এর এক ঘণ্টা পর পৌরসভার একটি সুপারশপ, রেস্তোরাঁসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
বেলা ১টার দিকে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্যের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং তাঁর বাসভবনে আগুন দেওয়া ও লুটপাটের ঘটনা ঘটে। এ ছাড়া বিএনপির এক নেতার বাড়িতে অগ্নিসংযোগ এবং পাঁচুরিয়া নিউ মার্কেটে বিএনপি কার্যালয় ভাঙচুর করা হয়।
১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে চারটি গাড়ি ও থানা কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই দিন রাত ৮টার দিকে নিলফা বাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চারটি গাড়িতে আগুন দেওয়া হয়। রাত ৯টার দিকে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের বাসভবনসহ আরও ছয়টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এর আগের দিন ১৬ নভেম্বর কোটালীপাড়ায় একটি মিছিল থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। ১৮ নভেম্বর গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাসভবনে হামলা চালানো হয়। তবে নথিতে এ ঘটনার উপজেলার নাম উল্লেখ করা হয়নি।
নথি অনুযায়ী, ১০ নভেম্বর টুঙ্গিপাড়ায় বিক্ষোভকারীরা ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং পাটগাতী বাজারে যুবদল কার্যালয়ে হামলা চালায়। এদিন একটি স্কুলের সামনে পুলিশের গাড়ি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
একই দিন গোপালগঞ্জ সদরে পৌর শিশু পার্কের কাছে পেট্রল ঢেলে একটি পণ্যবাহী ট্রাক ও খাবার সরবরাহকারী একটি ইজিবাইকে আগুন দেওয়া হয়। বিকেল ৪টার দিকে লঞ্চঘাট এলাকায় সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করা হয়। এর প্রায় ১০ মিনিট পর আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক সদস্যকে মারধর করা হয়। কাজুলিয়া ইউনিয়নে ছয়টি দোকানেও ভাঙচুর চালানো হয়। এছাড়া কাশিয়ানীতে চলন্ত একটি বাসের জানালা ও সামনের কাচ ভাঙচুর করা হয়।
১৫ নভেম্বর টুঙ্গিপাড়ার পাটগাতী ও নতুন বাজারে বিএনপি কার্যালয়সহ কয়েকটি দোকানে হামলা চালানো হয়। উপজেলা পরিষদের পেছনে বিএনপির এক নেতার দোকান ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। একই দিন শিশুপার্কের সামনে গ্রামীণ ব্যাংকের একটি শাখা এবং পাটগাতীতে বিএনপির এক নেতার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
এদিন দুপুরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি মিছিল থেকে ‘শহীদ হাদি চত্বর’-এর নাম পরিবর্তন করে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ রাখা হয়। বিভিন্ন স্থানে ব্যানার পোড়ানো ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
২৩ নভেম্বর গোপালগঞ্জ সদরের লঞ্চঘাট এলাকায় ১২টির বেশি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। একই দিন সদর সাব-রেজিস্ট্রি অফিসেও হামলা হয়। কোটালীপাড়ায় রামশীল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদকের একটি দোকানে আগুন দেওয়া হয়।
নথিতে সর্বশেষ হামলার ঘটনা উল্লেখ করা হয়েছে ২৫ নভেম্বর। ওই দিন গোপালগঞ্জ সদরের সাতপাড়া ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখা ভাঙচুর করা হয়।
ধারাবাহিক সহিংসতায় গোপালগঞ্জ জেলার সব উপজেলাই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। টুঙ্গিপাড়ায় হামলার ঘটনা শুরু হয় সবচেয়ে আগে। অন্যদিকে জেলা সদরে হাসপাতাল, সংসদ সদস্যের বাসভবন, দোকানপাট, যানবাহন ও সরকারি কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় হামলার বিস্তৃতি ছিল সবচেয়ে বেশি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় এখনো নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। বর্তমানে বিজিবির ৫৫ প্লাটুন, আনসারের ১৫ প্লাটুন এবং পুলিশের প্রায় দুই হাজার সদস্য দায়িত্ব পালন করছেন।
নিরাপত্তাজনিত কারণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ২২ নভেম্বর থেকে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে। অন্যদিকে জেলায় ট্রেন চলাচলও এখনো বন্ধ রয়েছে।
ধারাবাহিক এসব হামলায় কয়েকশ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি জেলার স্বাভাবিক জনজীবন, শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়েছে।
সূত্র: বাসস