কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে ঘটনাটিকে ‘সন্দেহজনক’ উল্লেখ করে এর পেছনে যুদ্ধ উসকে দেওয়ার পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি জানান, এ ঘটনায় ইতালি ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। নিহত ইতালীয় নাগরিকদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কুয়েত ও ইতালির সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত তেহরান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে আসা ড্রোন প্রতিহত করার সময় ছিটকে পড়া ধ্বংসাবশেষে দুই ইতালীয় নাগরিক নিহত হন বলে জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত দুজন দেশটিতে বেসামরিক টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় একজন পাকিস্তানি ও একজন কুয়েতি নাগরিক আহত হয়েছেন।
হামলার পর কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, ইরান থেকে ছোড়া একটি ড্রোন গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে এগিয়ে আসছিল। সেটি প্রতিহত করার সময় হতাহতের ঘটনা ঘটে। প্রথমে চারজন আহত হওয়ার খবর জানানো হলেও পরে দুই ইতালীয় নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
তবে কুয়েতের এই অভিযোগ সরাসরি নাকচ করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখারচি। বৃহস্পতিবার রাতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী ওই অঞ্চলে কোনো আক্রমণাত্মক অভিযান পরিচালনা করেনি।
শেখারচি আরও দাবি করেন, অতীতে ইসরায়েল ও মার্কিন বাহিনীর বিরুদ্ধে ছদ্মবেশী বা ‘ফলস-ফ্ল্যাগ’ অভিযানের অভিযোগ রয়েছে। তাঁর মতে, ইরানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আঞ্চলিক অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা বাড়ানোর অপচেষ্টা হতে পারে।
এদিকে রোমে অবস্থিত ইরানের দূতাবাসও এক বিবৃতিতে কুয়েতের ড্রোন হামলায় তেহরানের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। বিবৃতিতে বলা হয়, পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরের বর্তমান সংকটময় পরিস্থিতি গত নয় মাস ধরে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের ফল। এ পরিস্থিতিতে সব পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাসটি।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরান কুয়েতসহ উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ওই সময় কুয়েতে একটি ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। একই সময়ে কুয়েতের প্রতিরক্ষা বাহিনীর ভুলবশত যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনাও ঘটে।
উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে কুয়েত আয়তনে ছোট হলেও সেখানে উল্লেখযোগ্যসংখ্যক মার্কিন সেনা ও সামরিক স্থাপনা রয়েছে। ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের হামলার মূল লক্ষ্য উপসাগরীয় দেশগুলো নয়, বরং এসব দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা।
এর আগে গত সপ্তাহে বাহরাইনেও একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটে। এর মধ্যে একটি হামলায় তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে কুয়েতে সর্বশেষ প্রাণহানির ঘটনা নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে। তবে এ হামলায় নিজেদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে আবারও স্পষ্ট জানিয়েছে ইরান।