মায়ের ভালোবাসা, ত্যাগ ও সন্তানের প্রতি নিঃস্বার্থ মমতার গল্প বিশ্বমঞ্চে তুলে ধরেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। মাতৃত্বের চিরন্তন বন্ধনকে উপজীব্য করে তৈরি বিশেষ পোশাকে ৭৫তম মিস ইউনিভার্সের জাতীয় কস্টিউম প্রতিযোগিতায় অংশ নেন তিনি।
রোববার বাংলাদেশ সময় ভোর ৫টায় অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটির জাতীয় কস্টিউম পর্ব। এ আয়োজনে মাহির পোশাকে ফুটে ওঠে জন্মের বিস্ময় থেকে শুরু করে সন্তানের জন্য মায়ের আজীবনের ত্যাগ, যত্ন ও নিঃস্বার্থ ভালোবাসার চিত্র।
‘মাতৃত্ব—ভালোবাসার এক সর্বজনীন বন্ধন’ প্রতিপাদ্যে তৈরি পোশাকটির মূল ভাবনা হলো, মাতৃত্ব এমন এক অনুভূতি, যা দেশ, ভাষা কিংবা সংস্কৃতির সীমানায় আটকে থাকে না। পৃথিবীর প্রতিটি মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে মায়ের ভালোবাসা ও আত্মত্যাগের গল্প। বাংলাদেশের সংস্কৃতি ও আবেগের সঙ্গে এই সর্বজনীন অনুভূতির মেলবন্ধন ঘটিয়ে বিশ্বদরবারে উপস্থাপন করাই ছিল এর উদ্দেশ্য।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণার মাধ্যমে জাতীয় পোশাকটির ভাবনা তুলে ধরা হয়। সেখানে বলা হয়, একজন মানুষ কোনো জাতির পরিচয় ধারণ করার আগে মায়ের সন্তান। মা তাঁকে পৃথিবীর আলো দেখান, অন্যদিকে মাতৃভূমি দেয় নিজস্ব পরিচয় ও শেকড়। এই দুই বন্ধনের মধ্য দিয়েই প্রকাশ পায় মানুষের অস্তিত্ব ও আত্মপরিচয়ের গল্প।
মাতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি পোশাকটিতে তাই শুধু একজন মায়ের আত্মত্যাগ নয়, বরং মা ও সন্তানের মধ্যকার গভীর আবেগ, ভালোবাসা এবং আজীবনের সম্পর্ককে প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে।
নিজের পোশাকের ভাবনা প্রসঙ্গে মাহি বলেন, ‘মাতৃত্ব এমন এক অনুভূতি, যা দেশ, ভাষা কিংবা সংস্কৃতির সীমা মানে না। পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে মায়ের ভালোবাসা ও ত্যাগের গল্প জড়িয়ে আছে। জাতীয় কস্টিউমের মাধ্যমে সেই চিরন্তন ভালোবাসাকেই তুলে ধরতে চেয়েছি। একজন মানুষ হিসেবে আমাদের প্রথম পরিচয় মায়ের সন্তান, আর মাতৃভূমি আমাদের দেয় শেকড় ও পরিচয়। এই দুই বন্ধনের গল্প বিশ্বমঞ্চে তুলে ধরতে পেরে আমি গর্বিত।’