দেশে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ আতঙ্কিত নয়; বরং এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে জনগণ কঠোর অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ব্রিফিংয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে কূটনীতিকদের অবহিত করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, এসব ঘটনার বিষয়ে বাংলাদেশের সাধারণ মানুষের মনোভাব ও সরকারের অবস্থান বিদেশি প্রতিনিধিদের সামনে তুলে ধরা হয়েছে।
হুমায়ুন কবির অভিযোগ করেন, দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, তা বাংলাদেশের জনগণের অজানা নয় বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে সাধারণ মানুষের সমর্থন ও আস্থাকে সঙ্গে নিয়েই সরকার পরিস্থিতি মোকাবিলা করছে। যারা সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের মধ্যে ভীতি ছড়াতে চায়, তাদের সেই প্রচেষ্টা সফল হচ্ছে না। বরং এসব কর্মকাণ্ডে জড়িতরাই চাপে রয়েছে।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ পরিবর্তন প্রত্যাশা করে। জনগণ আর কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চায় না। এ ধরনের অপরাধে জড়িতদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে সাধারণ মানুষও ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকের উদ্দেশ্য ব্যাখ্যা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকারের প্রায় নয় মাসের কার্যক্রম, বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত এবং দেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক অংশীদারদের অবহিত করতেই এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। সরকার স্বচ্ছতায় বিশ্বাস করে এবং নিজেদের কার্যক্রম সম্পর্কে জনগণকে জানাতে প্রতিশ্রুতিবদ্ধ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আরও কঠোর পদক্ষেপ নেবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে।
ব্রিফিংয়ে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া ও ইউরেশিয়ার বিভিন্ন দেশের প্রায় ৬০টি কূটনৈতিক মিশনের প্রধান এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
এ সময় সরকারের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।