ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্ক করে রাখা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে মহাসড়কের জোড়পুল এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ জানায়, বাসটি গত দুই দিন ধরে মহাসড়কের পাশে পার্ক করা ছিল। শুক্রবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকতে পারে বলে জানান ওসি।