সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের প্রক্রিয়ায় এখন আর কোনো আইনি বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তাকে কীভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে, তা ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।
ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে তার প্রত্যর্পণের ক্ষেত্রে এখন আর আইনি জটিলতা নেই। এ বিষয়ে শেখ হাসিনার সঙ্গে সরকারের কোনো আলোচনা হচ্ছে না। বরং পুরো বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করা হবে।
তিনি বলেন, শেখ হাসিনা আদালতে দোষী সাব্যস্ত হয়ে দণ্ডপ্রাপ্ত হয়েছেন। তাকে বাংলাদেশে কীভাবে আনা হবে, সেটি আলোচনার বিষয়। তিনি বাংলাদেশের বিমানে আসবেন, ভারতের বিমানে আসবেন, নাকি হেঁটে আসবেন—হস্তান্তরের পদ্ধতি ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে।
এদিকে, সম্প্রতি নড়াইলে হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারতে অপতথ্য ছড়ানোর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, নড়াইলের ঘটনাকে ঘিরে ভারতে ব্যাপক অপতথ্য প্রচারের তৎপরতা শুরু হয়েছে। ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশকে নিয়ে এ ধরনের প্রচারণা বিভিন্ন সময়ে দেখা গেছে। এমনকি ভারতের মূলধারার গণমাধ্যমেও এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম এসব তথ্যের সত্যতা যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরেছে।
জাহেদ উর রহমানের মতে, এ ধরনের অপপ্রচার বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ইতিবাচক নয়। বরং দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যা ও জটিলতা আরও বাড়াতে পারে। এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকতে ভারত সরকার এবং দেশটির গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।
অন্যদিকে, গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। এ চুক্তির ভবিষ্যৎ নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।