সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদি রুটে চলাচলকারী ফ্লাইটগুলো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুর পর্যন্ত ঢাকা-সৌদি রুটের মোট ১৫৩ ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সবশেষ তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ (৩৩টি), সৌদিয়া (২০টি), রিয়াদ এয়ারওয়েজ (১৩টি), ইউএস-বাংলা (১০টি) এবং ইন্ডিগো (৩০টি), এমিরেটস (১৪টি), কাতার এয়ারওয়েজ (৯টি), ফ্লাই দুবাই (৮টি), এয়ার ইন্ডিয়া (৮টি), সালাম এয়ার (৭টি) ও ইজিপ্ট এয়ারের (১টি) ফ্লাইট বিঘ্নিত হয়েছে। এতে সবমিলিয়ে ২২ হাজার ৬৩৬ জন যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
এ পরিস্থিতিতে বিমান চলাচলের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছে বেবিচক। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর সময়সূচি পুনর্নির্ধারণে কাজ করছে সংস্থাটি।
বেবিচকের ফ্লাইট ম্যানেজমেন্টের সহকারী পরিচালক স্কোয়াড্রন লিডার সাকিব জানান, পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। বর্তমানে ক্ষতি কমিয়ে আনতে এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে ফ্লাইটগুলোর সময়সূচী পুনর্নির্ধারণ করতে এয়ারলাইন্সগুলোর সাথে সমন্বয় করে কাজ করছে বেবিচক।