পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে সোমবারের (১৬ নভেম্বর) নির্ধারিত এ সভা পিছিয়ে দেওয়া হয়। নতুন তারিখ নির্ধারণ করে শিগগিরই সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হবে।
সোমবার শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সভা স্থগিতের বিষয়টি জানানো হয়। আজ বেলা ১১টায় রাজধানীর শ্রমভবনে মজুরি বোর্ডের এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নতুন ন্যূনতম মজুরির হার সুপারিশ করার লক্ষ্যে এই মজুরি বোর্ড গঠন করা হয়েছে। নির্ধারিত সভায় আজ মালিকপক্ষের মজুরি প্রস্তাব দেওয়ার কথা ছিল। এর আগে শ্রমিকপক্ষ থেকে সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়।
শ্রমিকপক্ষের বক্তব্য অনুযায়ী, চার সদস্যের একটি পরিবারের পুষ্টি ও ক্যালরির চাহিদা পূরণ, বাড়িভাড়া, চিকিৎসা এবং শিক্ষার ব্যয়সহ স্বাভাবিক জীবনযাপনের জন্য একজন শ্রমিকের মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে শিল্পের সক্ষমতা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় চতুর্থ গ্রেডে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন তারা।
মজুরি বোর্ডের সভা স্থগিতের বিষয়ে শ্রমিক নেতা ও বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, সোমবার সকাল ৮টার দিকে বোর্ডের চেয়ারম্যান তাঁকে ফোন করে সভা স্থগিতের সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, সভা স্থগিতের পেছনে তাঁকে কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে চলমান শ্রম আন্দোলন বন্ধ না হওয়া, সামগ্রিক শ্রম পরিস্থিতির উন্নতি না হওয়া, রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইনের অসুস্থতা।
এদিকে অতীতের মজুরি বোর্ডগুলোর অভিজ্ঞতা তুলে ধরে সংশ্লিষ্টরা জানান, গত পাঁচটি মজুরি বোর্ডে শ্রমিকপক্ষ যে পরিমাণ মজুরি দাবি করেছে, মালিকপক্ষ প্রতিবারই তার অর্ধেক বা তার চেয়েও কম প্রস্তাব দিয়েছে। ফলে শ্রমিকদের প্রত্যাশার সঙ্গে মালিকপক্ষের প্রস্তাবের বড় ধরনের ব্যবধান তৈরি হয়েছে।
এ ধরনের প্রস্তাবকে কেন্দ্র করে অতীতে বড় ধরনের শ্রমিক আন্দোলন হয়েছে। শেষ পর্যন্ত শ্রমিকদের লাগাতার আন্দোলন এবং আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে মালিকপক্ষকে প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি দিতে রাজি হতে হয়েছে।