চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ না পাওয়ায় আন্দোলনে নেমেছেন ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রার্থীরা। নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। সকাল হলেও কর্মসূচি থেকে সরে না এসে আজও বড় পরিসরে জমায়েত ও অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। তাদের স্পষ্ট বক্তব্য, নিয়োগের কার্যকর ব্যবস্থা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তিন শতাধিক প্রার্থী। তাদের অভিযোগ, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও সপ্তম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের সুপারিশ পাননি তারা।
আন্দোলনকারীদের মতে, বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্য পদ না থাকা এবং আগে নিয়োগের সুপারিশ পাওয়া প্রার্থীদের আবারও আবেদনের সুযোগ দেওয়ার কারণে অনেক যোগ্য প্রার্থী নিয়োগের বাইরে থেকে গেছেন।
প্রার্থীরা জানান, নিয়োগের দাবিতে ইতোমধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এবং শিক্ষা মন্ত্রণালয়ে একাধিকবার স্মারকলিপি দিয়েছেন। এ ছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান ও মানববন্ধন কর্মসূচিও পালন করেছেন তারা।
এর আগে গত ১৯ থেকে ২১ এপ্রিল শাহবাগে অবস্থান কর্মসূচি চলাকালে তৎকালীন শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আন্দোলনকারীরা। সে সময় মন্ত্রী তাদের বক্তব্য ও দাবিগুলো শোনেন এবং এনটিআরসিএর তৎকালীন চেয়ারম্যানকে প্রয়োজনীয় নির্দেশনা দেন বলে দাবি করেছেন প্রার্থীরা।
এদিকে রোববার দুপুরে আন্দোলনকারীদের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে শিক্ষা মন্ত্রণালয়ে যায়। তবে সেখানে আলোচনা হলেও দাবি বাস্তবায়নের বিষয়ে প্রত্যাশিত সিদ্ধান্ত না আসায় তারা আবারও শাহবাগে ফিরে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।
আন্দোলনকারীদের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলো হলো—
১. ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ কিন্তু নিয়োগের সুপারিশ না পাওয়া ৯ হাজার ৮৪২ জন প্রার্থীর দ্রুত নিয়োগ নিশ্চিত করা।
২. পর্যাপ্ত বিষয়ভিত্তিক শূন্য পদ যুক্ত করে তাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা।
৩. প্রয়োজন হলে নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে শূন্য পদের চাহিদা সংগ্রহ করা।
এ ছাড়া সনদের মেয়াদ ও বয়সসীমার শর্ত পূরণ করা সব সুপারিশবঞ্চিত প্রার্থীকে নিয়োগের আওতায় আনার দাবিও জানিয়েছেন তারা।
আন্দোলনকারীরা বলছেন, তারা শুধু নামমাত্র কোনো গণবিজ্ঞপ্তি চান না। বরং এমন একটি কার্যকর গণবিজ্ঞপ্তি চান, যেখানে নিয়োগ পাওয়ার বাস্তব সুযোগ থাকবে। এ জন্য শিক্ষামন্ত্রীর দেওয়া আশ্বাস দ্রুত বাস্তবায়নের পাশাপাশি বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
প্রার্থীদের ঘোষণা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান ও আন্দোলন চলবে।
উল্লেখ্য, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মোট ৬০ হাজার ৬৩৪ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হন। তাদের মধ্যে ১৭তম, ষষ্ঠ ও সপ্তম গণবিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৫৩ হাজার ৩৪০ জন নিয়োগের সুপারিশ পেয়েছেন। আন্দোলনকারীদের হিসাব অনুযায়ী, এখনো ৯ হাজার ৮৪২ জন প্রার্থী নিয়োগের সুপারিশ থেকে বঞ্চিত রয়েছেন। এই প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করার দাবিতেই তাদের চলমান আন্দোলন।