গোপালগঞ্জের সদর উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, খুলনা জেলার শিরোমণি এলাকার মো. কাওসারের ছেলে মো. তৌহিদুল ইসলাম (৩০) এবং পাইকগাছা এলাকার মো. টুটুল সরদারের ছেলে মো. রিফাত সরদার (২৫)।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, ঢাকা থেকে খুলনাগামী বলেশ্বর পরিবহনের একটি বাস সোনাশুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি চালকসহ বাসের নিচে ঢুকে যায়। অন্য আরোহী ছিটকে রাস্তার পাশের খাদে পড়ে যান।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। এ সময় বাসের নিচ থেকে মোটরসাইকেলচালকের মরদেহ এবং পাশের খাদ থেকে অপর আরোহীর মরদেহ উদ্ধার করা হয়।
পরে নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানবাহন হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।