রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে মা ও তাঁর দেড় বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ আরও তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন সাবা (৩০) ও তাঁর দেড় বছর বয়সী ছেলে আবদুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবা। আর শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মৃত্যু হয় শিশু আবদুর রহমানের।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাঁঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন দগ্ধ হন। পরে তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
চিকিৎসক জানান, সাবার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। অন্যদিকে, শিশু আবদুর রহমানের শরীরের ৫৭ শতাংশ দগ্ধ হওয়ার পাশাপাশি শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।
এ ঘটনায় দগ্ধ অপর তিনজন হলেন সানজিদা (২০), সামসুন নাহার (৫০) ও আবদুর রহমান (২৭)। তাঁদের শরীরের যথাক্রমে ৩৭, ৪০ ও ৬ শতাংশ পুড়ে গেছে। সানজিদা ও সামসুন নাহারের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁরা বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।