ঢাকার সাভারে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা পোশাকশ্রমিকবাহী বাস ও ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ও বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, রাত আনুমানিক ১টার দিকে গেন্ডা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা পোশাকশ্রমিকবাহী একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এরপর ভোর আনুমানিক ৪টার দিকে বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় টাটা সার্ভিসিং সেন্টারের সামনে পার্কিং করে রাখা ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানেও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।
জাহাঙ্গীর আলম আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন দিয়েছে। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।