প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি। সোমবার (৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ সাক্ষাতে নারী ও কন্যাশিশুর কল্যাণ, নিরাপত্তা এবং ক্ষমতায়নসহ দুই দেশের ভিন্ন ভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
ঢাকার ক্রাউন প্লাজা হোটেলে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সোমবার বাংলাদেশে পৌঁছানোর পরই প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে সাক্ষাৎ করেন ডাচেস সোফি। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
তিন দিনের সফরে ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন ডাচেস অব এডিনবার্গ সোফি। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে তার এ সফর।
সফরকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, অংশীদারিত্ব এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
এছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শনেরও কথা রয়েছে ডাচেস সোফির। এ উদ্দেশ্যে তিনি কক্সবাজার সফর করবেন। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় নিয়োজিত বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখবেন তিনি।