ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্মের কারণে যেন মানুষের মধ্যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়- এই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার রংপুরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাওয়ার পথে তারাগঞ্জের চৌপথি এলাকার পথসভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সবাই বাংলাদেশি। এই দেশের মাটিতেই আমাদের বেড়ে ওঠা। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—ধর্ম যার যার, কিন্তু দেশ আমাদের সবার। এ দেশ আমাদের সবার, এ দেশের ওপর আমাদের সবার অধিকার রয়েছে। এ দেশের প্রত্যেক নাগরিকের সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে।’
তারেক রহমান আরও বলেন, ‘সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব—এটাই প্রত্যাশা।’
এর আগে আজ সকালে সামরিক বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। বেলা ১১টার দিকে পথে তারাগঞ্জের চৌপথি এলাকায় গাড়ি থেকে নেমে স্থানীয় বিএনপি নেতাদের আগে থেকে তৈরি করা মঞ্চে পথসভায় বক্তব্য দেন তিনি। সেখানে তিনি দেড় থেকে দুই মিনিট বক্তব্য দেন।
পরে রংপুর মহানগরের দিকে যাওয়ার পথে পাগলাপীরেও পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হওয়ার পর মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম শুরু করা হয়েছে। সাধারণ মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হয়েছে। ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুদের কল্যাণেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য হলো, সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানো এবং একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা।’
তারেক রহমান বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সময় এ দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টধর্মসহ সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে স্বাধীন করেছেন। তাঁদের সম্মিলিত ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়েই আমরা পেয়েছি আমাদের প্রিয় বাংলাদেশ।’
সব ধর্মের মানুষের ঐক্য, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে দেশের মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে, নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে এবং সমান মর্যাদা নিয়ে দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে পারে।
আজ দুপুর ১২টা ৪ মিনিটে রংপুর মহানগরের প্রেসক্লাব চত্বরের সামনে অবস্থিত ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় মন্দির কমিটির সদস্যরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে মন্দির কমিটির সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
ধর্মসভা রাধা গোবিন্দ মন্দির কমিটির সহসভাপতি পার্থ বোস বলেন, ‘আমরা কখনো ভাবিনি, কোনো প্রধানমন্ত্রী আমাদের পূজামণ্ডপ পরিদর্শনে আসবেন। আমরা তাঁকে পেয়ে খুবই খুশি হয়েছি।