গল্পের কেন্দ্রে আছে একটি ‘ভুল’—ভুল ঠিকানায় পৌঁছে যায় একটি ফুড ডেলিভারি। সেই ছোট্ট ঘটনাই বদলে দেয় দুই অচেনা মানুষের জীবন। একদিকে তানভীর (প্রীতম হাসান)—আবেগপ্রবণ, হঠাৎ সিদ্ধান্ত নিতে অভ্যস্ত, যে বিশ্বাস করে জীবনের সবকিছুই কোনো না কোনো কারণে ঘটে। অন্যদিকে সুবাহ (জেফার রহমান)—সংযত, যুক্তিনির্ভর, সম্পর্কের আগে প্রশ্ন করতে ভালোবাসে। এই দুই বিপরীত মানসিকতার মানুষের পথ এক হওয়া, তাদের মধ্যে অদৃশ্য টান তৈরি হওয়া—এসব নিয়েই এগিয়েছে গল্প। প্রশ্নটি তাই থেকেই যায়—বারবার ঘটে যাওয়া ঘটনাগুলো কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে অদৃশ্য কোনো যোগসূত্র? এই দোলাচলের মধ্যেই সম্পর্কের নতুন সংজ্ঞা খুঁজে নেয় সিনেমা তুমি আমি শুধু।
বাংলা নববর্ষ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে প্রকাশের পর থেকেই ওয়েব ফিল্মটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা, প্রশংসা আর ব্যক্তিগত অনুভূতির ভাগাভাগি। মুক্তির আগে টিজার-ট্রেলার ঘিরে যে কৌতূহল তৈরি হয়েছিল, মুক্তির পর অনেকটাই তা পূরণ করতে পেরেছে, মনে করছেন অনেক দর্শক।
পরিচালক শিহাব শাহীন-রোমান্টিক ড্রামায় সিদ্ধহস্ত; ‘তুমি আমি শুধু’তেও রয়েছে সে ছাপ। চেনা গল্পকেই উপভোগ্য করে হাজির করেছেন তিনি। দুই কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও জেফার রহমান। দুজনই আগে নির্মাতার সঙ্গে কাজ করেছেন। ‘কাছের মানুষ দূরে থুইয়া’ আর সবশেষ ঈদে ‘ক্যাকটাস’–এ বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন প্রীতম। অন্যদিকে জেফারকে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’–এ দেখা গেছে। নতুন এই সিনেমায় দুই সংগীতশিল্পীর রসায়ন বেশ পছন্দ করেছেন দর্শক।
এ সিনেমায় অভিনয় প্রসঙ্গে প্রীতম হাসান বলেন, ‘গল্পটা প্রথম থেকেই আমার খুব পছন্দের ছিল। এক বছর আগে যখন শুনি, তখন থেকেই কাজটা নিয়ে এক্সাইটেড ছিলাম। বিশ্বাস করেছিলাম, কাজটার ভালো রেসপন্স আসবে এবং সেটাই হচ্ছে। চরিত্রটা এমনভাবে করার চেষ্টা করেছি, যাতে শহরের তরুণেরা সহজেই আমার সঙ্গে রিলেট করতে পারে। গল্পটা আমাদের সমাজের খুব বেসিক জায়গা থেকে নেওয়া, তাই এটাকে সহজভাবে উপস্থাপন করাটাই ছিল মূল লক্ষ্য।’ তিনি আরও বলেন, ‘প্রোডাকশন খুব কম সময়ের মধ্যে হয়েছে, কিন্তু শিহাব ভাই এক সপ্তাহের মধ্যেই যেভাবে আউটপুট দিয়েছেন, সেটা সত্যিই চমকপ্রদ। এখন দর্শকদের কাছ থেকে অনেক ভালো সাড়া পাচ্ছি—অনেকে একাধিকবার দেখছেন, এটা আমাদের জন্য বড় আনন্দ।’
পরপর বেশ কয়েকটি প্রকল্পে কাজের পর জেফারকে এখন গায়িকা–অভিনেত্রী বলা চলে। এ সিনেমায় তাঁর অভিব্যক্তি আগের চেয়ে পরিণত হয়েছে। বিশেষ করে রোমান্টিক দৃশ্যগুলোয় তিনি ছিলেন সাবলীল। সিনেমাটি নিয়ে জেফার বলেন, ‘সিনেমাটি নিয়ে যে সাড়া পাচ্ছি তাতে আমি অভিভূত। এত ইতিবাচক প্রতিক্রিয়া পাব, ভাবিনি। আমি যেহেতু অভিনয়ে খুব নতুন, তাই শুরুতে একটু নার্ভাস ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ভালোভাবে হয়েছে—এটা আমাকে ভীষণ আনন্দ দিচ্ছে। আমার অভিনয়ের প্রশংসা হচ্ছে, এটা আমার জন্য ভিন্ন রকম অনুভূতি।’
সহশিল্পীদের মধ্যেও নতুন মুখ আব্দুল্লাহ আল সেন্টু ও জায়মা রহমান মনোযোগ কেড়েছে। পাশাপাশি মানস বন্দ্যোপাধ্যায়, সমু চৌধুরী, মুনমুন আহমেদ প্রমুখ অভিজ্ঞ শিল্পীরা গল্পের আবহকে আরও দৃঢ় করেছেন।
নির্মাতা জানালেন, বছরখানেক আগে শুটিং শেষ হলেও বিভিন্ন কারিগরি জটিলতায় আটকে ছিল তুমি আমি শুধু। অবশেষে সেই জটিলতা কাটিয়ে বৈশাখে সিনেমাটি মুক্তি পেয়েছে। শিহাব শাহীন বলেন, এটি মূলত এক তরুণীর স্বাধীন ইচ্ছা ও নিজের মতো করে বাঁচার গল্প। একই সঙ্গে এটি একটি প্রেমের গল্পও—যেখানে দর্শক নতুনত্ব খুঁজে পাবেন