জাতীয় এসএমই মেলা আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাতীয় এসএমই মেলা আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বিক্রি এবং বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করতে রোববার (২২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ মেলায় সারা দেশের ৪ শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবে। আজ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব তথ্য তুলে ধরেন।

শিল্পমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি শিল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, দেশে মোট ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ এ খাতের। শিল্প খাতে কর্মরত মোট জনবলের প্রায় ৮৫ শতাংশ এ খাতের সঙ্গে যুক্ত। এ খাতে কর্মরত জনবল প্রায় ৩ কোটি ৬ লাখ। জিডিপিতে এ খাতের অবদান প্রায় ৩০ শতাংশ।

তিনি আরও বলেন, এসএমই উদ্যোক্তাদের প্রায় ৭০ শতাংশ ঢাকার বাইরে এবং প্রায় ৬৫ শতাংশ অনানুষ্ঠানিক খাতে রয়েছেন। ফলে এ খাতের উদ্যোক্তাদের বিকাশ, অর্থায়ন এবং বাজার সম্প্রসারণে বিশেষ উদ্যোগ প্রয়োজন।

শিল্পমন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশন ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে কাজ করছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন কর্মসূচির সুবিধাভোগী প্রায় ২৫ লাখ উদ্যোক্তা। তাদের ৬০ শতাংশই নারী।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আগামীকাল সকাল ৯টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এতে সভাপতিত্ব করবেন তিনি। বিশেষ অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

২২ থেকে ২৮ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশে কোনো ফি লাগবে না।

শিল্পমন্ত্রী বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬ দেওয়া হবে। পুরস্কারের ক্যাটাগরিগুলো হলো বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা ও বিশেষ উদ্যোক্তা।

তিনি আরও বলেন, মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তাদের। পাদুকা ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্প, ফ্যাশন ডিজাইন, হারবাল ও প্রসাধনী, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জুয়েলারি, হালকা প্রকৌশল, তথ্যপ্রযুক্তি এবং প্লাস্টিক ও রাবারজাত পণ্যের প্রতিষ্ঠান থাকবে।

এ ছাড়া সরকারের অগ্রাধিকার প্রকল্প ‘এক গ্রাম এক পণ্য’, বিভিন্ন এসএমই ক্লাস্টার ও অগ্রাধিকার খাতের ৭৮টি প্রতিষ্ঠান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২৮টি প্রতিষ্ঠান অংশ নেবে। দেশীয় উৎপাদনকারী ও সেবামূলক মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারাই মেলায় পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাবেন। বিদেশি বা আমদানি করা পণ্য প্রদর্শন ও বিক্রি নিষিদ্ধ থাকবে।

এ ছাড়া ২৩ ও ২৪ নভেম্বর মেলার পাশাপাশি তিনটি সেমিনার ও একটি সংলাপ অনুষ্ঠিত হবে। এতে সহজ অর্থায়ন, তরুণ উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, এসএমই পণ্যের বাজার সুরক্ষা এবং বাজার সম্প্রসারণের বিষয়গুলো আলোচনায় আসবে। এসব অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান এ এইচ এম আহসান অংশ নেবেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনা খরচে ঢাকার বাইরে ক্রিকেট শেখাবে বিসিবি!

১

২১ দিনে ডেঙ্গুতে শতাধিক মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯

২

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

৪

পরীক্ষায় এআই দিয়ে জালিয়াতি, সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

৫

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

৬

বেড়ায় পরিস্থিতি থমথমে, আওয়ামী লীগের ৫ সমর্থক আটক

৭

বিজিএমইএর পর্যবেক্ষণের প্রতিক্রিয়া/ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন জরিপ চায় সিপিডি

৮

সাভারে এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা: ১৯ আসামির বিচার শুরু

৯

১২ দিনের ব্যবধানে খুলনায় ফের রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি

১০

নছিমন-মোটরবাইকে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল দুইজনের

১১

ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।