১৬ বছর বা তার কম বয়সী শিশুদের ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে নীতিমালা তৈরির জন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে অবিলম্বে একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি শেষে আদালত এ নির্দেশনার পাশাপাশি রুলও জারি করেন।
নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং সামাজিক যোগাযোগমাধ্যমের শিশুদের ওপর প্রভাব নিরূপণ ও প্রয়োজনীয় নীতিমালা তৈরিতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তা জানতে চেয়েছেন আদালত। টেলিযোগাযোগ সচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর। তিনি বলেন, দেশে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় তারা অবাধে এসব প্ল্যাটফর্ম ব্যবহার করছে। এর ফলে শিশুদের মধ্যে একাকিত্ব ও হতাশাসহ নানা মানসিক সমস্যা দেখা দিচ্ছে। বাধাগ্রস্ত হচ্ছে তাদের স্বাভাবিক মানসিক বিকাশও।
রিট আবেদনে আইসিডিডিআরবির একটি গবেষণার তথ্য তুলে ধরে বলা হয়েছে, ঢাকার প্রতি পাঁচ শিশুর মধ্যে চারজনের বেশি, অর্থাৎ ৮৩ শতাংশ প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়। স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে গবেষণায় অংশ নেওয়া শিশুরা প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা ব্যয় করে। যা শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সুপারিশকৃত সময়সীমার চেয়ে বেশি।
গবেষণায় শিশুদের স্বাস্থ্যের ওপর অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের নেতিবাচক প্রভাবের চিত্রও উঠে এসেছে। এতে দেখা গেছে, এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে। প্রায় ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হয়। এ ছাড়া প্রতিদিন দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহার করা শিশুদের ঘুমের সময়ও কম। তারা রাতে গড়ে ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়। অথচ সুস্থ শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য এ বয়সী শিশুদের প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন।
গবেষণায় আরও বলা হয়েছে, অংশগ্রহণকারী শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে। দীর্ঘ সময় স্ক্রিনে কাটানো শিশুদের মধ্যে এ হার তুলনামূলক বেশি।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে শিশুদের স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার সক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে ব্যাহত হতে পারে শারীরিক বৃদ্ধি এবং সামগ্রিক মানসিক সুস্থতা। এসব বিষয় বিবেচনায় শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়ে রিটটি করা হয়।