বিএনপি কর্মী রাব্বী নিহতের ঘটনায় শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রাজধানীর খিলগাঁওয়ে বিএনপি কর্মী জাহিদ হোসেন রাব্বী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাসহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মামলাটি করেন রাব্বীর মামা ও খিলগাঁও থানার ঝিলপাড় ইউনিটের যুবদল সদস্য নাঈম কলিমুল্লাহ সরকার। বুধবার (১৬ সেপ্টেম্বর) আদালতের বেঞ্চ সহকারী মো. রিপন মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর মামলার অভিযোগ তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দিয়েছেন। আগামী ২ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়। এছাড়া সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের নাম রয়েছে।

মামলায় সাবেক কয়েকজন সিটি মেয়র ও সংসদ সদস্যের পাশাপাশি সাবেক মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ প্রশাসনের কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সাবেক আইজিপি শহীদুল হক, বেনজীর আহমেদ, জাবেদ পাটোয়ারী ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নাম রয়েছে। এছাড়া সাবেক এনটিএমসি মহাপরিচালক জিয়াউল আহসান, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও হাবিবুর রহমান এবং ডিবির সাবেক প্রধান হারুন-অর-রশীদের নামও মামলায় রয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, জাহিদ হোসেন রাব্বী বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি পেশায় ফটোগ্রাফার ও গ্রাফিক্স ডিজাইনার ছিলেন এবং আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন।

২০২৪ সালের ৫ আগস্ট খিলগাঁওয়ের তালতলা এলাকায় আন্দোলনের সময় দুপুর ২টার দিকে তিনি গুলিবিদ্ধ হন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাব্বীর মৃত্যুর ঘটনায় করা এই মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের সংশ্লিষ্টতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে যাচাই করবে পিবিআই। আগামী ২ নভেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে

বিএনপি কর্মী রাব্বী নিহতের ঘটনায় শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুতিদের, ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ

সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে চিঠি আদান-প্রদান চালিয়ে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

বিশ্ব ওজোন দিবস আজ

স্বচ্ছ প্রক্রিয়ায় মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে কাজ করছে সরকার

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গুর থাবায় আরও ৭ প্রাণহানি, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী

ডেঙ্গুর পরীক্ষা হয় কিনা জানতে চাওয়ায় নারীর মাথা ফাটাল দালালরা

জামালপুরে অবৈধ শেখ ব্রিকসের চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

১০

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, রোগী সংখ্যা পৌনে ২ লাখ ছাড়াল

১১

প্রতিবছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে: মাহদী আমিন

১২