মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১২ জনের বেশি। নিহতদের মধ্যে দুই ট্রেনের কন্ডাক্টরও রয়েছেন।
রোববার কায়রো থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মিসরের প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয়।
দেশটির পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় জড়িত দুটি ট্রেনের একটি ফায়ুম প্রদেশের দিকে যাচ্ছিল। অন্যটি রাজধানী কায়রো থেকে দক্ষিণাঞ্চলীয় আসওয়ান প্রদেশের উদ্দেশে রওনা হয়েছিল। একই রেললাইনে একই দিকে চলার সময় একটি ট্রেনের পেছনের বগির সঙ্গে অপর ট্রেনটির সংঘর্ষ হয়। রোববার গভীর রাতে প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, কায়রো-আসওয়ানগামী ট্রেনের শেষ বগির সঙ্গে গিজা-ফায়ুমগামী ট্রেনটির সংঘর্ষ থেকেই এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। আল-আইয়াত এলাকার কাফর গিরজা গ্রামের বাসিন্দা আইমান জামাল জানান, সংঘর্ষের খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। তারা আহত যাত্রীদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন।
জামালের ভাষ্য অনুযায়ী, তিনি প্রায় ৮০ জন আহত যাত্রীকে অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন। এ সময় একটি স্থির ট্রেনের বগির ভেতরে কয়েকজন যাত্রী আটকা পড়েছিলেন। পরে উদ্ধারকারীরা তাদের মৃত অবস্থায় পান।
এদিকে দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ এল-সিসি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, এ বিষয়ে তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে।
মিসরীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ পরিচালনা এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বগির ধ্বংসাবশেষ সরাতে ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল ও ক্রেন পাঠানো হয়েছে। দ্রুত রেল চলাচল স্বাভাবিক করার উদ্যোগও নেওয়া হয়েছে।
উল্লেখ্য, মিসরে রেল দুর্ঘটনা নতুন কোনো ঘটনা নয়। দীর্ঘদিন ধরে দেশটির রেলওয়ে ব্যবস্থায় অব্যবস্থাপনা ও সরঞ্জামের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব নিয়ে সমালোচনা রয়েছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। গত সেপ্টেম্বরেও একই আল-আইয়াত এলাকায় দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে চালক ও তাঁর সহকারী আহত হয়েছিলেন।
মিসরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনাটি ঘটে ২০০২ সালে। সে সময়ে কায়রো থেকে দক্ষিণ মিশরের দিকে যাওয়ার পথে একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়।
সূত্র: এএফপি ও রয়টার্স