যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং থেকে বাংলাদেশের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হতে পারে স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর)। এ উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন।
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
অভিনন্দন বার্তায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন বলেন, বিশ্বসেরা বাণিজ্যিক উড়োজাহাজের আরও ১১টি কেনার চুক্তিতে পৌঁছানোয় বোয়িং ও বিমানকে অভিনন্দন! যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের জন্য এটি আরেকটি দারুণ অর্জন, যেখানে লাভবান হবে দুই দেশই। আজ নিউইয়র্কে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান দেখার অপেক্ষায় আছি।
এদিকে, স্থানীয় সময় বুধবার সকাল থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠক ও সাইডলাইন অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ইতোমধ্যে আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগে আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।
এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। বুধবার সকালে নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থল গ্র্যান্ড হায়াত হোটেলে উচ্চপর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জনস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান কর্মসূচি, সাশ্রয়ী ভ্যাকসিন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।