সম্প্রতি হিমবাহ ও ভূমি ধসের ঘটনায় ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছে নেপাল ও চীন। নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১৩০০ এবং এখনও নিখোঁজ সাড়ে ৫ হাজারের বেশি মানুষ। এবার এশিয়ার আরেক দেশ জাপানেও ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পর শনিবার (৫ সেপ্টেম্বর) কাগোশিমা প্রদেশের ইয়াকুশিমা শহরের জন্য সর্বোচ্চ স্তরের ভূমিধস সতর্কতা জারি করেছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)।
এই বৃষ্টিপাতকে ‘অভূতপূর্ব’ উল্লেখ করে সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ভূমিধস ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত অঞ্চলগুলোতে ইতোমধ্যেই কোনো ধরনের দুর্যোগ ঘটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
সংস্থাটি জোর দিয়ে বলেছে, জীবন আসন্ন বিপদের মধ্যে রয়েছে এবং ঝড় অব্যাহত থাকায় বাসিন্দাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। কর্তৃপক্ষ বাসিন্দাদের জানিয়েছে, যদি কোনো নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে পৌঁছানো খুব ঝুঁকিপূর্ণ হয়, তবে তাদের উচিত খাড়া পাহাড় ও নদী-নালা থেকে দূরে অবস্থিত কোনো ভবনে আশ্রয় নেয়া।
জেএমএ’র সতর্কবার্তায় বলা হয়, বিশেষ সতর্কতা জারির জন্য অপেক্ষা করলে নিরাপদে পালানোর জন্য অনেক দেরি হয়ে যেতে পারে। এজন্য নিজের এবং প্রিয়জনদের জীবন রক্ষা করতে অপেক্ষা না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এছাড়া জনসাধারণকে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বানও জানানো হয়েছে।