যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানে ভাটা পড়ায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমেছে। এর সঙ্গে বিনিয়োগকারীরা এখন মূল্যস্ফীতি নিয়ে হালনাগাদ তথ্যের অপেক্ষায় থাকায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে।
সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সময় বেলা ২টা ৫৬ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৫ দশমিক ০৯ ডলারে পৌঁছায়। আর মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪০৪ দশমিক ৮০ ডলারে দাঁড়ায়।
অ্যাক্টিভট্রেডস-এর সিনিয়র অ্যানালিস্ট রিকার্ডো ইভানজেলিস্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের হতাশাজনক কর্মসংস্থান প্রতিবেদন এবং এর ফলে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমে যাওয়ায় স্বর্ণের বাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।’
সম্প্রতি প্রকাশিত তথ্যে দেখা গেছে, জুলাই মাসে অপ্রত্যাশিতভাবে কর্মসংস্থান হারিয়েছে মার্কিন অর্থনীতি। একই সঙ্গে আগের দুই মাসের কর্মসংস্থানের তথ্যও সংশোধনের পর উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে। এতে আগামী মাসে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা মিইয়ে গেছে।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা এখন আগামী সেপ্টেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ৪৪ শতাংশ মনে করছেন, যা কর্মসংস্থানের প্রতিবেদন প্রকাশের আগে ছিল ৫৭ শতাংশ।
যেহেতু স্বর্ণ থেকে সরাসরি কোনও সুদ বা মুনাফা আসে না, তাই সুদের হার কম থাকলে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ বৃদ্ধি পায়।
অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ১৪ ডলার হয়েছে। অন্যদিকে প্লাটিনামের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৭৩৭ দশমিক ৪২ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৩৬০ দশমিক ৭৫ ডলারে নেমেছে।
এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম পড়ছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা নির্ধারণ করা হয়েছে।