গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন পুরোপুরি নেভাতে আগামীকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ১০টা ১৫ মিনিটে কারখানাটির ছয়তলা ভবনে আগুন লাগে।
প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় আশপাশের বিভিন্ন স্টেশন থেকে আরও ইউনিট যুক্ত হয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও উদ্ধার ও সহায়তামূলক কাজে যুক্ত হন।
কারখানাটির ভেতরে ওষুধ উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক পদার্থ, যন্ত্রপাতি ও অন্যান্য শিল্পসামগ্রী থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায় বলে জানিয়েছিল ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।