ফিলিস্তিনি গ্রামে অগ্নিসংযোগ ‘ইহুদি সন্ত্রাসবাদ’: আইজেনকোট

ফিলিস্তিনি গ্রামে অগ্নিসংযোগ ‘ইহুদি সন্ত্রাসবাদ’: আইজেনকোট

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামগুলোতে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের অগ্নিসংযোগ ও বর্ণবাদী গ্রাফিতি আঁকার ঘটনাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধী নেতা গাদি আইজেনকোট। এসব হামলা আঞ্চলিক স্থিতিশীলতা ও ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলেও মন্তব্য করেছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) ভোরে পশ্চিম তীরের কয়েকটি ফিলিস্তিনি গ্রামে হামলা চালায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এ সময় বিভিন্ন যানবাহনে আগুন দেওয়া হয় এবং দেয়ালে বর্ণবাদী গ্রাফিতি আঁকা হয়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে ইসরায়েলি পুলিশ।

সাবেক সেনাপ্রধান ও মধ্য-ডানপন্থী ইয়াশার পার্টির প্রধান আইজেনকোট এসব হামলার নিন্দা জানিয়ে বলেন, যানবাহন ও বাড়িঘরে অগ্নিসংযোগকারী উগ্রপন্থী গোষ্ঠীগুলো আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করছে এবং মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে। একই সঙ্গে তারা ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কের মারাত্মক ক্ষতি করছে।

বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সমালোচনা করে আইজেনকোট বলেন, বর্তমান সরকার অঞ্চলটিকে নৈরাজ্যের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। অথচ পরিস্থিতি মোকাবিলায় কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

আইজেনকোটের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় নেতানিয়াহু সরকারের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির অভিযোগ করেন, আরব দলগুলোর কাছে সমর্থন পাওয়ার জন্যই এমন বক্তব্য দিচ্ছেন আইজেনকোট। তাঁর ভাষায়, এটি আরব দলগুলোর কাছে ‘বিক্রি হয়ে যাওয়ার’ শামিল।

এদিকে সমালোচকদের দাবি, নেতানিয়াহুর লিকুদ পার্টির নীতির সঙ্গে আইজেনকোটের ইয়াশার পার্টির মৌলিক কোনো পার্থক্য নেই। রাজনৈতিক অচলাবস্থার মধ্যে আরব দলগুলোর সমর্থন ধরে রাখতেই আইজেনকোট এসব বক্তব্য দিচ্ছেন।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারান নেতানিয়াহু। এরপর প্রায় এক মাস পেরিয়ে গেলেও দেশটিতে নতুন সরকার গঠন সম্ভব হয়নি। গত ১০ নভেম্বর নতুন সরকার ছাড়াই ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের সদস্যরা শপথ নেন। বর্তমানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু।

এ পরিস্থিতিতে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ। তবে সরকার গঠনে তাঁকে কঠিন রাজনৈতিক সমীকরণের মুখোমুখি হতে হচ্ছে। নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠন না করলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে আরব দলগুলোর সমর্থন প্রয়োজন হবে। শেষ পর্যন্ত কোনো পক্ষ সরকার গঠনে ব্যর্থ হলে আগামী বছর আবারও নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

তথ্যসূত্র: রয়টার্স


  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি

১

নিম্নতম মজুরি নিয়ে মতবিরোধ, মালিকপক্ষ ১৫,৭০০ শ্রমিকপক্ষ ২২ হাজারে অনড়

২

চুয়াডাঙ্গায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ২৭ পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার

৩

"শেখ হাসিনাকে বিমানে নাকি হেঁটে হস্তান্তর, সিদ্ধান্ত হবে ভারতের সঙ্গে আলোচনায়"

৪

বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫

না ফেরার দেশে অভিনেতা সোহেল খান

৬

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

৭

যৌথ সামরিক মহড়া দেখতে আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

৮

ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল

৯

আগুন সন্ত্রাসে আতঙ্কিত নয় জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০

টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

১১

বিদেশি বিনিয়োগ সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।