গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ

গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের জেরে গাজীপুর ও সাভার-আশুলিয়ার ৮৭টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকেই বিভিন্ন এলাকায় শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা ও সাত জেলায় মোট ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকদের অবস্থান ও বিক্ষোভ অব্যাহত ছিল। সকালে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নিলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাজীপুর ট্রাফিক বিভাগের পরিদর্শক তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিক্ষোভে অংশ নেওয়া দুই শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে জানান, নতুন করে যে হারে মজুরি বাড়ানো হয়েছে, তা দিয়ে বর্তমান বাজারদরে সংসার চালানো সম্ভব নয়। তাঁদের দাবি ছিল আরও বেশি বেতন।

এর আগে দীর্ঘ বৈঠক শেষে মঙ্গলবার দিবাগত রাতে মজুরি বোর্ড তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করে। তবে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, তাঁদের পক্ষ থেকে ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের ভোটে মজুরি চূড়ান্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে গাজীপুরা বাসস্ট্যান্ডের পাশে সাতাইশ শাখা সড়কে প্রায় ৪০০ থেকে ৫০০ শ্রমিক লাঠিসোঁটা নিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তাঁদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, টঙ্গী পশ্চিম থানা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অন্তত পাঁচ কিলোমিটার অংশে যান চলাচল বন্ধ ছিল।

অন্যদিকে, সদর মেট্রো থানা এলাকার জয়দেবপুর সড়কে সকাল ১০টার দিকে এক হাজারের বেশি শ্রমিক অবরোধ করেন। এ সময় একটি কারখানার প্রধান ফটকেও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ছয় থেকে সাতটি টিয়ার শেল নিক্ষেপ করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

টঙ্গী এলাকায় দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ সদস্য সফিকুল ইসলাম জানান, সকাল ৯টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাতাইশ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

তবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ।

গাজীপুর ও সাভারে ৮৭ কারখানা বন্ধ
গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের কারণে ৫৫টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ৩৫টি কারখানা বন্ধ থাকার পাশাপাশি নতুন করে আরও ২০টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন।
অন্যদিকে, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে ৩২টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। পাশাপাশি অন্তত ১০টি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রম আইন অনুযায়ী ২২টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া একটি কারখানা নোটিশ দিয়ে সাধারণ ছুটি ঘোষণা করেছে। চলমান আন্দোলনের কারণে বুধবার আরও নয়টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে। পাশাপাশি ১০টি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ১৬ বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের

১

২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে

২

জীবনে তিনবার শয়তানকে দেখেছিলেন পোপ ফ্রান্সিস, ডায়েরিতে চাঞ্চল্যকর বর্ণনা

৩

হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৪১২

৪

কথার আড়ালে মনের খবর বুঝবেন যেভাবে

৫

নতুন পুলিশ সুপার নিয়োগ সাত জেলায়,বদলি-পদায়নে ১৪ পুলিশ কর্মকর্তা

৬

ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও বাহিনীর সদস্যদের ওপর কঠোর নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী

৭

দেশে ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল, ইউপি নির্বাচন নিয়ে ৫৫ দলকে ইসির আমন্ত্রণ

৮

১০০ বার পেছাল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ

৯

তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী

১০

একজন মা জিতলেন মুকুট, মিস ইউনিভার্সের নতুন অধ্যায়

১১

গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।