ষড়যন্ত্রে জড়িত পুলিশ কর্মকর্তা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্য বাহিনীর সদস্যদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারি চাকরিতে থেকে কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়াই দায়িত্ব পালন এবং জনসেবায় নিয়োজিত থাকার জন্য পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যদের আগেই সতর্ক করা হয়েছে। এরপরও কোনো কর্মকর্তা বা সদস্য ষড়যন্ত্রে জড়িত থাকলে তা নজরদারিতে রয়েছে। চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
কিছু পুলিশ কর্মকর্তার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় তারা কারাগারে রয়েছেন। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বাড়তি সতর্কতা নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত দায়িত্ব পালন করবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেকোনো কর্মসূচি বা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার কখনো ১৬ ডিসেম্বরের কথা বলা হচ্ছে। এসব ঘোষণায় সরকারের বিশেষ মনোযোগ নেই। সরকার সব সময় সতর্ক অবস্থানে রয়েছে।
সরকার কোনো চাপ অনুভব করছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কীসের চাপ?’
শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকৃত শ্রমিকদের আন্দোলনের সঙ্গে রাজনৈতিক ষড়যন্ত্রকারীদের সম্পৃক্ততা নেই। মালিক ও শ্রমিকপক্ষের আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে এবং মজুরি বোর্ড তা ঘোষণা করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পলাতক, দণ্ডপ্রাপ্ত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সরকার আগেই একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করেছে। রাজনৈতিক দল হিসেবে তাদের কোনো স্বীকৃতি নেই এবং বাংলাদেশের মানুষও তাদের রাজনৈতিকভাবে গ্রহণ করবে না।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে। এরপর দলটির নেতারা দেশ ছেড়ে পালিয়ে নিজস্ব আশ্রয়স্থলে অবস্থান নিয়েছেন। গণহত্যা, অগ্নিসংযোগ ও সহিংসতার সঙ্গে জড়িত ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক শক্তির রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদেও তিনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ফ্যাসিস্ট গোষ্ঠী ও ফ্যাসিবাদী মাফিয়া শক্তি বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। গণতান্ত্রিক রাজনীতির আচরণ তাদের মধ্যে কখনো ছিল না।
তবে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুসারে সংশ্লিষ্ট দেশের কাছে কূটনৈতিক চ্যানেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট দেশ আইন অনুযায়ী বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
আগামী ১৬ ডিসেম্বর কেউ কেউ দেশে ফেরার চেষ্টা করতে পারে বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপারে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের কয়েকজন পলাতক নেতা অবস্থান করছেন বলে তথ্য পাওয়া গেছে। পশ্চিম ও পূর্ব সীমান্তের বিভিন্ন এলাকায় তাদের চলাচল এবং দেশের ভেতরে আত্মগোপনে থাকা নেতাদের কাছে নির্দেশনা পাঠানোর বিষয়টিও সরকারের নজরে রয়েছে।
তিনি বলেন, মশাল মিছিলের পর লকডাউন, শাটডাউন ও হরতালের মতো কর্মসূচির কথা বলা হচ্ছে। তবে দেশের মানুষ এ ধরনের কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেবে বলে তিনি মনে করেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক রয়েছে।
বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া নিয়মিত পদক্ষেপ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য কর্মসূচি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।
সহিংসতা হলে কঠোর ব্যবস্থা
স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে বিভিন্ন অপচেষ্টা প্রতিহত করেছে। এতে কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি বলেও উল্লেখ করেন তিনি।
তার ভাষ্য, পতিত আওয়ামী লীগ শক্তি অগ্নিসংযোগ, অগ্নিসন্ত্রাস ও হত্যাযজ্ঞের মাধ্যমে আগের কর্মকাণ্ড পুনরায় শুরু করার চেষ্টা করছে। তবে ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
তিনি বলেন, কেউ উগ্রবাদী বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে, অগ্নিসংযোগ করলে কিংবা জনগণের জীবন ও সম্পদের ক্ষতি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এবং দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হবে।
তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারা সংশোধনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সময়ে দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া শুরুর জন্য তদন্তের সুযোগ তৈরি হয়েছিল। সেই তদন্ত চলছে এবং সম্ভবত শেষ পর্যায়ে রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধসহ নির্দিষ্ট অপরাধে ব্যক্তি ছাড়াও কোনো দল বা সংগঠনকে বিচারের আওতায় আনার বিধান রয়েছে।
তবে আওয়ামী লীগের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিচারিক প্রক্রিয়ার ওপর নির্ভর করছে উল্লেখ করে তিনি বলেন, তদন্ত শেষ হওয়ার পর অভিযোগপত্র দাখিল, বিচার এবং আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।