পুষ্টিমানসম্পন্ন জনগোষ্ঠী গড়ে তুলতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার। এ খাতকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যে প্রজন্ম পুষ্টিগত দিক থেকে শক্তিশালী, তাদের উদ্ভাবনী ক্ষমতাও বেশি বিকশিত হয়। তাই একটি সুস্থ, মেধাবী ও কর্মক্ষম জাতি গঠনে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে আয়োজন করা হয়েছে এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ।
এ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন স্থান পেয়েছে। প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনসংশ্লিষ্ট কার্যক্রম তুলে ধরা হচ্ছে এ আয়োজনে।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এসব আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, আধুনিক উৎপাদনব্যবস্থা এবং রপ্তানি সক্ষমতা বাড়ানোর বিষয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।