দেশে মোট ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জনে। নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকায় এ তথ্য উঠে এসেছে। নতুন তালিকা অনুযায়ী, পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন, নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৯৭ জন।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, গত ৩১ আগস্ট নির্বাচন কমিশনের দেওয়া হিসাবের তুলনায় সর্বশেষ হালনাগাদ পর্যন্ত দেশে নতুন ভোটার যুক্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন এই হালনাগাদ ভোটার তালিকার ভিত্তিতেই আয়োজন করা হবে।
এদিকে, ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করবে কমিশন।
ইসি সচিব আখতার আহমেদ জানান, এসব মতবিনিময়ে অংশ নিতে মোট ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে।