‘গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, বিএনপির অপর নাম—একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রাম।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপির ৪৮ বছরের পথচলা সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ইতিহাস।

বাণীতে বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তাঁর দাবি, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে বিএনপির প্রতিষ্ঠা ছিল একটি যুগান্তকারী ঘটনা।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন এবং নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেন। এর ধারাবাহিকতায় বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশে বহুমাত্রিক গণতন্ত্রের নতুন পথচলা শুরু হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন তারেক রহমান। একই সঙ্গে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়াকে। তাঁর ভাষ্য, খালেদা জিয়া তাঁর নেতৃত্ব ও ব্যক্তিত্বের মাধ্যমে বিএনপিকে দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিয়েছিলেন।

তারেক রহমান আরও বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা থেকে শুরু করে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গণতন্ত্রের সংগ্রামে জীবন দেওয়া ও আহত হওয়া দলের নেতাকর্মীদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

বাণীতে তিনি বলেন, জনগণ যখনই অবাধ, সুষ্ঠু ও নির্ভয়ে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। আর সরকার পরিচালনার বিভিন্ন সময়ে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন ও নারীশিক্ষার প্রসারসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

দীর্ঘ দেড় দশকের শাসন-শোষণের অবসানের পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ আবারও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়।

সবশেষে তারেক রহমান বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস।’ তাঁর মতে, বিএনপির অপর নাম একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রাম।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

‘গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস’

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর মেসির, আর দেখা যাবে না নীল-সাদা জার্সিতে

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত

সংসদীয় গণতান্ত্রিক অগ্রযাত্রায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস আইপিইউ মহাসচিবের

সার্বিক উন্নয়নে ৩ জেলায় মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান

রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার

১০

রায়গঞ্জের নিমগাছি বাজারে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই

১১

স্পিকারের সঙ্গে আইপিইউর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ

১২