টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার প্রভাবে রাজধানীর বাজারগুলোতে সবজির সরবরাহ কমে যাওয়ায় কয়েক ধরনের সবজির দাম বেড়েছে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি ও শিমের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। তবে শীতকালীন অন্যান্য সবজির দাম এখনো প্রায় অপরিবর্তিত রয়েছে। এদিকে মাছের বাজারেও বেড়েছে দাম। বিভিন্ন ধরনের মাছ কেজিপ্রতি ৩০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। বিপরীতে কিছুটা কমেছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম।
শনিবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর রামপুরা কাঁচাবাজার ও উলন কাঁচাবাজার সরেজমিনে ঘুরে এ চিত্র পাওয়া গেছে। গত দুই দিনের তুলনায় এদিন বাজারে ক্রেতাদের আনাগোনাও কিছুটা বেশি লক্ষ্য করা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। দুই দিন আগেও একই ফুলকপি পাওয়া গেছে ৩০ থেকে ৩৫ টাকায়। অন্যদিকে শিমের কেজি ২০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭০ টাকায়। তিন দিন আগে প্রতি কেজি টমেটোর দাম ছিল ১২০ থেকে ১৩০ টাকা। বর্তমানে তা বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। তবে অন্যান্য সবজির দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি।
এ বিষয়ে সবজি বিক্রেতা সোহাগ আহম্মেদ বলেন, শীতকালীন অধিকাংশ সবজির সরবরাহ বাজারে বেড়েছিল। কিন্তু গত দুই দিনের টানা বৃষ্টিতে সরবরাহ অনেকটাই কমে গেছে। ফলে ফুলকপি ও শিমসহ কয়েক ধরনের সবজির দাম বেড়েছে। বৃষ্টি কমে গেলে বাজারে সরবরাহ বাড়বে এবং দামও আগের অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মাছের বাজারেও বাড়তি দামের চাপ দেখা গেছে। রামপুরা বাজারের মাছ ব্যবসায়ী আবুল কালাম জানান, ঘাটে মাছের সরবরাহ কম থাকায় শনিবার অধিকাংশ মাছ কেজিতে প্রায় ৫০ টাকা বেশি দামে কিনতে হয়েছে।
বর্তমানে দুই কেজির বেশি ওজনের রুই মাছ প্রতি কেজি ৪৫০ টাকা, তিন কেজির বেশি ওজনের কাতলা ৫০০ টাকা, চিংড়ি ৯০০ টাকা এবং পাবদা ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি পাঙাশ ও তেলাপিয়ার দাম কেজিতে ২০ টাকা বেড়ে ২৮০ টাকায় দাঁড়িয়েছে।
তবে মাছ ও সবজির দাম বাড়লেও কিছুটা স্বস্তি ফিরেছে মুরগি ও ডিমের বাজারে। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা এবং প্রতি ডজন ডিম ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার করতে আসা মো. আমিন বলেন, দুই দিন পর শনিবার বাজারে এসে সবজি ও মাছের দাম বাড়তি পেয়েছেন তিনি। বিক্রেতারা জানিয়েছেন, আবহাওয়া খারাপ থাকার কারণে পণ্যের দাম কিছুটা বেড়েছে।