ভিনসেন্ট ভ্যান গঘের বিখ্যাত চিত্রকর্ম ‘দ্য স্টারি নাইট’ নিয়ে শিল্প-ইতিহাসবিদদের আগ্রহের কমতি নেই। এই চিত্রকর্মে আঁকা তারাগুলোর নতুন পরিচয় শনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের দাবি, ছবিতে দেখা তারাগুলো আসলে মেষ (এরিস) রাশির নয়, বরং বৃষ (টরাস) নক্ষত্রমণ্ডলের হায়াডিস তারাগুচ্ছের। এই আবিষ্কার চিত্রকর্মটি তৈরির সময়কাল সম্পর্কে শিল্প-ইতিহাসবিদদের প্রচলিত ধারণা বদলে দিতে পারে।
বৃহস্পতিবার সায়েন্টিফিক রিপোর্টস সাময়িকীতে গবেষণাটি প্রকাশিত হয়। সেখানে বলা হয়, ১৮৮৯ সালের ২২ জুলাই আকাশে হায়াডিস তারাগুচ্ছের যে অবস্থান ছিল, ছবির তারার বিন্যাসের সঙ্গে তার মিল রয়েছে। আগে ধারণা করা হতো, ফ্রান্সের সাঁ-রেমি-দ্য-প্রোভঁসে অবস্থানকালে ১৮৮৯ সালের জুনের মাঝামাঝি সময়ে ছবিটি এঁকেছিলেন ভ্যান গগ। বর্তমানে নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্টের স্থায়ী সংগ্রহে রয়েছে চিত্রকর্মটি।
গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক ও মহাকাশ গবেষক এলিয়াহ জিয়ং-হিউন কিম জানান, ছবির মাঝখানে থাকা তারাগুচ্ছটি তার চোখে প্রথম থেকেই বৃষ রাশির হায়াডিস বলে মনে হয়েছিল। যদিও আগের গবেষণাগুলোতে একে মেষ রাশির তারাগুচ্ছ হিসেবে ব্যাখ্যা করা হয়েছিল। বিষয়টি তাকে চিত্রকর্মটি নিয়ে আরও গভীর অনুসন্ধানে উৎসাহিত করে।
চিত্রকর্মের তারার বিন্যাস শনাক্ত করতে গবেষকরা ‘প্রোক্রাস্টিস’ নামের একটি সফটওয়্যার ব্যবহার করেন। এতে তারার আকার বা রঙের পরিবর্তে একে অপরের তুলনায় অবস্থান ও বিন্যাস বিশ্লেষণ করা হয়। এই পদ্ধতিতে ছবির পাঁচটি তারার সঙ্গে হায়াডিসের পাঁচটি তারার উল্লেখযোগ্য মিল পাওয়া যায়। পরীক্ষিত বিকল্প নক্ষত্রমণ্ডলগুলোর মধ্যে এই মিলের পরিসংখ্যানগত শক্তিও ছিল সবচেয়ে বেশি।
গবেষণা পদ্ধতির নির্ভরযোগ্যতা যাচাই করতে ভ্যান গগের আরেকটি চিত্রকর্ম ‘স্টারি নাইট ওভার দ্য রোন’-এ আঁকা সপ্তর্ষিমণ্ডলের তারার বিন্যাসও পরীক্ষা করেন গবেষকরা। সেখানেও বাস্তব তারার সঙ্গে ছবির বিন্যাসের জোরালো মিল পাওয়া যায়।
ভ্যান গগের চিঠিপত্র ও চাঁদের অবস্থানও গবেষণাটির গুরুত্বপূর্ণ সূত্র। ১৮৮৯ সালের ১৮ জুন লেখা এক চিঠিতে শিল্পী তারাভরা আকাশ নিয়ে নতুন একটি চিত্রকর্মের কথা উল্লেখ করেছিলেন। তবে গবেষকদের মতে, সেই চিঠি থেকে ছবিটি ওই সময়েই সম্পূর্ণ হয়েছিল—এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। তাদের ধারণা, একাধিক ধাপে ছবিটি আঁকা হয়ে থাকতে পারে। এ ছাড়া জুনের মাঝামাঝি সময়ে চাঁদের যে দশা ছিল, ছবিতে তার সঙ্গে মিল নেই। জুলাইয়ের শেষ দিকে চাঁদের ক্ষয়িষ্ণু বাঁকা রূপটি ছবির সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।
কিম ২০১৯ সালে ফ্রান্সের সাঁ-রেমি-দ্য-প্রোভঁস সফর করে ভ্যান গগের ছবি আঁকার স্থান থেকে আকাশের দৃশ্য পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, সেই পর্যবেক্ষণও হায়াডিস শনাক্তের পক্ষে যায়।
তবে গবেষণাটির সঙ্গে দ্বিমত পোষণ করেন টেক্সাস স্টেট ইউনিভার্সিটির পদার্থবিদ্যা ও জ্যোতির্বিজ্ঞানের ইমেরিটাস অধ্যাপক ডন ওলসন। তার মতে, হায়াডিসের সঙ্গে উজ্জ্বল শুক্রগ্রহের অবস্থান ছবির বিন্যাসের সঙ্গে মেলে না। তাই নতুন সিদ্ধান্ত নেওয়ার আগে আরও প্রমাণ দরকার।