১১ বছর পর পেশাদার ফুটবলে ফিরছেন রোনালদিনহো

১১ বছর পর পেশাদার ফুটবলে ফিরছেন রোনালদিনহো

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১১ বছরের বিরতি ভেঙে আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরতে যাচ্ছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। আগামী ১৫ নভেম্বর ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নার হয়ে আনুষ্ঠানিকভাবে মাঠে নামবেন ৪৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান মহাতারকা। খবর গোল ডট কম

গত জুনে ফুটবল বিশ্বকে চমকে দিয়ে ইতালির সেরি 'সি'-র ক্লাব রাভেন্নায় যোগ দেন রোনালদিনহো। তবে এতদিন ক্লাবটির হয়ে তার মাঠে নামা হয়নি। শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে রাভেন্না নিশ্চিত করেছে, আগামী ১৫ নভেম্বর ফরলির বিপক্ষে ডার্বি ম্যাচ দিয়েই সবুজ গালিচায় ফিরছেন ২০০২ বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

বিবৃতিতে উল্লাস প্রকাশ করে রাভেন্না জানায়, ‘পুরো ফুটবল বিশ্ব ভেবেছিল, এটি সত্যি হওয়ার মতো কোনো ঘটনা নয়। কিন্তু এখন আমরা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারছি এক জমকালো প্রত্যাবর্তনের খবর। ফিরছে সেই জাদু, সেই হাসি এবং এমন এক প্রতিভা, যিনি প্রজন্মের পর প্রজন্মের সমর্থকদের মুগ্ধ করেছেন। তাঁরা যে দলেরই সমর্থক হোন না কেন, রোনালদিনহোর প্রতি তাঁদের ভালোবাসা অটুট।’

বিখ্যাত রেস্তোরাঁ ব্র্যান্ড সিপ্রিয়ানির কর্ণধার ও রাভেন্নার মালিক ইগ্নাজিও সিপ্রিয়ানি মূলত রোনালদিনহোকে মাঠে ফেরানোর এই অবিশ্বাস্য উদ্যোগ নেন। ব্রাজিলিয়ান তারকাকে দিয়ে ক্যারিয়ারের শেষ গোলটি করানোর স্বপ্নের কথাও জানিয়েছেন তিনি।

গত আগস্টে সমুদ্রসৈকতে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে সমর্থকদের সামনে রোনালদিনহোকে পরিচয় করিয়ে দেয় রাভেন্না। ক্লাবটির ভাষ্য, মায়ামিতে তাঁর যোগ দেওয়ার ঘোষণা থেকে শুরু করে মারিনা দি রাভেন্নার সৈকতে সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা পর্যন্ত তাঁকে ঘিরে আগ্রহ বেড়েছে।

বিবৃতিতে রাভেন্না জানায়, ‘প্রেসিডেন্ট সিপ্রিয়ানির যে স্বপ্ন সমর্থকদের কল্পনাকে উসকে দিয়েছিল এবং ইতালির সীমানা ছাড়িয়ে আলোচনার জন্ম দিয়েছিল, এবার তা বাস্তবে রূপ নেওয়ার নির্দিষ্ট তারিখ পেয়েছে। রোনালদিনহো বেনেল্লিতে খেলবেন। এর মধ্য দিয়ে এমন এক গল্পের নতুন অধ্যায় শুরু হবে, যা প্রতিনিয়ত সবাইকে চমকে দিচ্ছে।’

উল্লেখ্য, রোনালদিনহো সর্বশেষ পেশাদার ম্যাচ খেলেছিলেন ২০১৫ সালে, ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে। ইতালিয়ান ফুটবলে এটি তার দ্বিতীয় অধ্যায়; এর আগে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত এসি মিলানের জার্সিতে আলো ছড়িয়েছেন তিনি। বর্ণাঢ্য ক্যারিয়ারে পিএসজি ও বার্সেলোনার মতো জায়ান্ট ক্লাবে খেলা এই ফরোয়ার্ড ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০০৫ সালে জিতেছিলেন ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মাননা ব্যালন ডি’অর।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিপাইনে দুই বিমানের ভয়াবহ সংঘর্ষ, ৪ পাইলট নিহত

১

প্রিন্সেস আস্তুরিয়াস পুরস্কার জিতে মেসির ইতিহাস

২

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ

৩

যে ৪ ধরনের উপহার দেয়া-নেয়া ইসলামে নিষিদ্ধ

৪

শীতের আগাম সবজিতে কমেছে দাম, তবু স্বস্তি নেই ক্রেতাদের

৫

ভ্যান গঘের দ্য স্টারি নাইট চিত্রকর্মের তারার রহস্য ভেদ

৬

গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

৭

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, নৌযান চলাচলে সতর্কতা

৮

১১ বছর পর পেশাদার ফুটবলে ফিরছেন রোনালদিনহো

৯

মহা-রূপান্তরের দ্বারপ্রান্তে মোংলা বন্দর

১০

পিএইচপি দুর্বলতায় বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা ঝুঁকি, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

১১

ট্রাম্পের প্রচারে অস্বস্তিতে রিপাবলিকানরা, বিতর্ক মিশিগানেও

১২