নিজের শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশেই সমাহিত হবেন জনপ্রিয় সংগীতশিল্পী শেখ সাহেদ আলী। শুক্রবার (১৩ নভেম্বর) বাদ আসর রাজধানীর গোপীবাগ আড়াই লেনের বায়তুন নূর জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে গোপীবাগ পঞ্চায়েত কমিটি কবরস্থানে মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
শিল্পীর বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক জানাজা ও দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতাল থেকে সাহেদের মরদেহ শেষ গোসলের জন্য নেওয়া হয়েছে। গোসল শেষে মরদেহ গোপীবাগ আড়াই লেনের বাসায় নেওয়া হবে। সেখান থেকে জানাজার জন্য মসজিদে নেওয়া হবে তাঁকে।
শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন শেখ সাহেদ আলী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। এর আগে তাঁর মৃত্যুর সময় সকাল সাড়ে ১০টা জানানো হলেও পরে এরশাদুল হক সকাল ১০টা ৫ মিনিটের বিষয়টি নিশ্চিত করেন।
দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন এই শিল্পী। নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো তাঁকে। সম্প্রতি স্ট্রোক ও ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পাশাপাশি নানা শারীরিক জটিলতা দেখা দেয়। অবস্থার আরও অবনতি হলে গুরুতর রক্তক্ষরণের কারণে গত বৃহস্পতিবার তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
অসুস্থতার কারণে শেষ পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি তাঁর নতুন গান প্রকাশের পরিকল্পনাও। দীর্ঘ ১১ বছর ধরে তৈরি করা ২৪টি গান প্রকাশের প্রস্তুতি নিয়েছিলেন সাহেদ। জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশ উপলক্ষে ৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে একটি অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল। তবে তাঁর অসুস্থতার কারণে তা বাতিল করা হয়। একইভাবে কিডনি প্রতিস্থাপনের জন্য চলতি মাসে দিল্লি যাওয়ার পরিকল্পনাও স্থগিত হয়ে যায়।
শেখ সাহেদ ছিলেন ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা শুরু করেন তিনি। ‘রোকযানা’ গানটির মাধ্যমে শ্রোতাদের কাছে বিশেষ পরিচিতি লাভ করেন এই শিল্পী। এ ছাড়া তাঁর জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।
১৯৯১ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম অ্যালবাম ‘প্রভু’। এরপর একে একে আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি। সংগীতজগতে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করা এই শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গনে।