রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও নারী-শিশুর সুরক্ষায় আন্তর্জাতিক উদ্যোগ চান রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও নারী-শিশুর সুরক্ষায় আন্তর্জাতিক উদ্যোগ চান রাষ্ট্রপতি

বাংলাদেশে আশ্রয় নেওয়া বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে ঝুঁকিতে থাকা রোহিঙ্গা নারী ও শিশুদের সুরক্ষা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি হেলেন জোনস রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ডাচেস অব এডিনবার্গের বাংলাদেশ সফর অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য, বিশেষ করে নারী ও শিশুদের জন্য, আশার বার্তা নিয়ে এসেছে। তাঁর রোহিঙ্গা শিবির পরিদর্শন চলমান মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট বাংলাদেশের আর্থসামাজিক ও পরিবেশগত পরিস্থিতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে। পাশাপাশি এ সংকট আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগ বাড়াচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরি, নারী ও শিশুদের সুরক্ষা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ভূমিকা প্রয়োজন।

রাষ্ট্রপতি ডাচেস অব এডিনবার্গকে বাংলাদেশে স্বাগত জানিয়ে নারীর মর্যাদা ও ক্ষমতায়ন, চক্ষুস্বাস্থ্য এবং তরুণ প্রজন্মের উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন।

এ সময় যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

সাক্ষাৎকালে বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ সম্প্রসারণসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ডাচেস অব এডিনবার্গ তাঁর তিন দিনের বাংলাদেশ সফরের অভিজ্ঞতা রাষ্ট্রপতির সঙ্গে ভাগ করে নেন। এ সময় তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের কথা তুলে ধরেন।

বাংলাদেশে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে অর্জিত অগ্রগতির প্রশংসা করে ডাচেস বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নেও নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ডাচেস অব এডিনবার্গের এই সফর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এবং ডাচেস অব এডিনবার্গের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১

কারচুপির সুযোগ নেই,সচেতন জনগনের জন্য দরকার সুষ্ঠু নির্বাচন: স্পিকার

২

১৯ মাসের মধ্যে বিশ্ববাজারে সর্বোচ্চ ডলারের দাম

৩

শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের জেরে পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান

৪

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

৫

১০০ দিনের কর্মপরিকল্পনায় প্রকাশ করলেন প্রধান তথ্য কমিশনার

৬

কেরু চিনিকলের বিএমআর প্রকল্পে স্পেয়ার পার্টস কেনাকাটায় ১০ দিনের ব্যবধানে তিন কোটি থেকে ছয় কোটি টাকার প্রস্তাব

৭

এসআরবি-১২ এর অভিযানে চুরি হওয়া গরু উদ্ধার, গ্রেফতার ৬

৮

রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

৯

সৌদিতে বিবাহবহির্ভূত সন্তান জন্ম, কেনীয় নারীকে ১০০ বেত্রাঘাতের সাজা

১০

দিনে ১০-২০ টাকা আয় দিয়ে শুরু, আজ বিনোদনজগতের সফল মুখ মুনাওয়ার ফারুকী

১১

প্রাথমিকের পাঠ্যবই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।