সংসদ বসছে কাল, স্পিকার, ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ

ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। তবে অধিবেশনের শুরুতে কে সভাপতিত্ব করবেন এবং নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন- এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এসব বিষয়ে আজ বুধবার ক্ষমতাসীন বিএনপির সংসদীয় দলের বৈঠকে সিদ্ধান্ত হতে পারে।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে সকালে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং সংসদের প্রথম দিনের কার্যক্রম নিয়ে আলোচনা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরাই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে এবার ডেপুটি স্পিকার পদটি বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ প্রস্তাব গ্রহণ করা হবে কি না, তা নিয়ে আজ বিরোধী দলের সংসদীয় বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিএনপি সূত্র জানায়, স্পিকার পদে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমদ এবং সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক-এর নাম আলোচনায় আছে। এদের মধ্যে হাফিজ উদ্দিন আহমদের নাম বেশি গুরুত্ব পাচ্ছে।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি।

সংবিধান অনুযায়ী নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করতে হয়। সে অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ নতুন সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন। সকাল ১১টায় জাতীয় সংসদ ভবন-এর সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে।

নতুন সংসদের প্রথম বৈঠকে সাধারণত কয়েকটি নির্ধারিত কার্যক্রম থাকে। এর মধ্যে প্রথমেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। সাধারণত বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন। তবে এবার পরিস্থিতি ভিন্ন।

দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর থেকে প্রকাশ্যে নেই। আর বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। ফলে প্রথম বৈঠকের শুরুতে কে সভাপতিত্ব করবেন তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী রাষ্ট্রপতি তাঁর প্রতিনিধি হিসেবে কোনো সংসদ সদস্যকে এই দায়িত্ব দিতে পারেন। এ ক্ষেত্রে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন-এর নাম আলোচনায় রয়েছে।

সভাপতির সূচনা বক্তব্যের পর স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। পরে রাষ্ট্রপতি তাঁদের শপথ পড়াবেন। এরপর নতুন স্পিকারের সভাপতিত্বে আবার অধিবেশন শুরু হবে এবং সংসদ সদস্যরা নবনির্বাচিত স্পিকারকে স্বাগত জানিয়ে বক্তব্য দেবেন

সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতি ভাষণ দেন। শোক প্রস্তাব গ্রহণের পর সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হবে এবং অধিবেশনজুড়ে এ প্রস্তাবের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা।

এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলোও সংসদের প্রথম বৈঠকে উত্থাপন করা হবে। উত্থাপনের ৩০ দিনের মধ্যে সংসদে অনুমোদন না পেলে এসব অধ্যাদেশের কার্যকারিতা থাকবে না।

ডেপুটি স্পিকার পদটি বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। বিএনপি ইতিমধ্যে এ পদে প্রার্থী দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে অনুরোধ করেছে। তবে দলটি এখনো সিদ্ধান্ত নেয়নি।

জামায়াতের নেতারা বলছেন, ডেপুটি স্পিকার পদটি ‘অনুগ্রহ’ হিসেবে নয়, বরং রাজনৈতিক সমঝোতা বা জাতীয় সনদের আলোকে পেতে চান তাঁরা। এ বিষয়ে দলের সংসদীয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত হতে পারে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২