এনভিডিয়া প্রযুক্তি বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রতিষ্ঠান। দীর্ঘদিনের প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের বিদায়ের পর এর অন্তর্বর্তী নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস।
অন্তর্বর্তী সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর ক্রেস জানিয়েছেন, এনভিডিয়ার সবচেয়ে বড় শক্তি প্রতিষ্ঠানটির কর্মীরা। তাঁর ভাষায়, গত ৩৩ বছরে জেনসেন হুয়াং প্রতিষ্ঠানটির জন্য অসাধারণ ভিত্তি তৈরি করেছেন।
কর্মীদের আশ্বস্ত করতে অভ্যন্তরীণ ই-মেইলে আগামী ১৮ নভেম্বর একটি জরুরি বৈঠকের ডাক দিয়েছেন তিনি।
তবে নতুন দায়িত্বে তাঁর সামনে একাধিক চ্যালেঞ্জ রয়েছে। আর্থিক ব্যবস্থাপনার পাশাপাশি পুরো ব্যবসা পরিচালনা, বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখা এবং এনভিডিয়ার এআই কৌশলের ধারাবাহিকতা বজায় রাখতে হবে তাঁকে।
বিশেষ করে চীনের সামরিক-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে চিপ বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য রাজনৈতিক ও কংগ্রেসীয় প্রশ্নের মুখোমুখি হওয়ার আশঙ্কাও রয়েছে।
সব মিলিয়ে এনভিডিয়ার মতো বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের নেতৃত্ব গ্রহণ কোলেট ক্রেসের জন্য বড় পরীক্ষা। এত দিন পর্দার আড়ালে থেকে প্রতিষ্ঠানের আর্থিক কৌশল সামলালেও এবার তাঁকে সামলাতে হবে পুরো প্রতিষ্ঠান। তাঁর নেতৃত্বে এনভিডিয়া আগের প্রবৃদ্ধি ধরে রাখতে পারে কি না, সেটিই এখন প্রযুক্তি ও বিনিয়োগ বিশ্বের বড় আগ্রহের বিষয়।