কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে টিনশেড বাড়িটির ১০টি কক্ষের মধ্যে সাতটি পুড়ে গেছে। একই সঙ্গে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে দুটি ছাগল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ঢাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেন নুসরাত তাবাসসুম। ফুটেজ দেখে তাঁর দাবি, বাড়ির পেছনের দিক থেকে অন্তত চারবার আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাঁর ধারণা, পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন লাগানো হয়ে থাকতে পারে।
নুসরাত তাবাসসুম বলেন, ‘ফুটেজ দেখে ধারণা করছি, পেছনের দিক থেকে চারবার আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমার ধারণা, পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। কারও সঙ্গে আমার ব্যক্তিগত শত্রুতা নেই। ঘটনাটিকে রাজনৈতিক নাশকতা বলে মনে করছি।’

তিনি আরও জানান, ওই বাড়িতে তাঁর পরিবারের কেউ বসবাস করেন না। বাড়িটির দেখাশোনার দায়িত্বে থাকা কেয়ারটেকারের পরিবার সেখানে থাকত। পাশাপাশি বাড়ির ভেতরে তাঁর একটি খামারও ছিল।
অগ্নিকাণ্ডের সময় বাড়িতে থাকা কেয়ারটেকার শাহ আলম সাবান জানান, রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন তিনি। এ সময় কয়েকটি বিকট শব্দ শুনতে পান। পরে ঘরে আগুন জ্বলতে দেখে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনে তাঁর পরিবারের সব মালামাল পুড়ে গেছে। স্ত্রী ও সন্তানদের নিয়ে ওই বাড়িতেই বসবাস করতেন তিনি।
নুসরাতের বাবা আবদুল হালিম টম বলেন, রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বসে গল্প করছিলেন তাঁরা। হঠাৎ বিকট শব্দে তাঁদের ঘরের জানালা কেঁপে ওঠে। পরে বাড়িতে আগুন লাগার খবর পান। একসময় তাঁরা ওই পৈতৃক বাড়িতেই বসবাস করতেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে নুসরাতের খামারের দেখাশোনার দায়িত্বে থাকা জালাল হোসেন জানান, খামারে নয়টি বড় গরুসহ ছাগল, হাঁস-মুরগি ও কবুতর ছিল। আগুন লাগার পর স্থানীয়দের সহযোগিতায় গবাদিপশুগুলো বের করে আনা সম্ভব হয়। তবে আগুনে দগ্ধ হয়ে দুটি ছাগল মারা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে ক্ষতিগ্রস্ত টিনশেড বাড়িটির পাশেই রয়েছে তিনতলা একটি ভবন। ওই ভবনের তৃতীয় তলায় পরিবারের সদস্যরা বসবাস করেন। তবে আগুন পাশের ভবনটিতে ছড়িয়ে পড়েনি।
এ বিষয়ে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটি নাশকতা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগও তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী শাখা জাতীয় নারী শক্তির প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০-এর সংসদ সদস্য। তাঁর বাবা আবদুল হালিম টম স্থানীয় বাগোয়ান কে সি ভি এন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।