প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে মুক্তবাণিজ্য শ্রমবাজারের সংকট সমাধান নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। শনিবার (২০ জুন) এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
পররাষ্ট্র সচিব আরও জানান, প্রধানমন্ত্রীর চীন সফরে ১৩টি সমঝোতা ও দুটি চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে। আলোচনা হবে তিস্তাসহ সমন্বিত নদী ব্যবস্থাপনা ও সমরিক সহযোগিতা নিয়ে।
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দ্বিপাক্ষিক বৈঠক করবেন দেশটির প্রধানমন্ত্রী ও রাজার সঙ্গে। পাশাপাশি মালয়েশিয়ার বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।
ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো মালয়েশিয়া ও চীন সফর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরের জন্য ভারত ও চীনকে এড়িয়ে তৃতীয় একটি দেশকে বেছে নেয়ার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে। পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রী ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর করবেন। এরপর ২৩ জুন তিনি কুয়ালালামপুর থেকেই বেইজিংয়ে যাবেন এবং ২৬ জুন তার ঢাকার ফেরার কথা রয়েছে।