চুয়াডাঙ্গা জেলার মাখালডাঙ্গা ইউনিয়নের দিননপুর গ্রামের মাঝখানে অবস্থিত ঐতিহ্যবাহী পুষ্করিণী ‘কমলা দোয়া’ জলাশয় । আনুমানিক ১০০ বিঘা আয়তনের এই বৃহৎ জলাশয়টি দীর্ঘদিন ধরে লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন শষ্টি মিয়া ও তার সহযোগীরা।
শনিবার (৩১ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে কমলা দোয়ায় বিপুল পরিমাণ সরকারি সার পানিতে ছিটানোর সময় স্থানীয় জনগণের হাতে সার জব্দের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কমলা দোয়ার বর্তমান লিজগ্রহীতা শষ্টি মিয়া ও তার অংশীদার শাহাবুদ্দিন মিয়ার উপস্থিতিতে ১০-১২ জন জেলে প্রায় ১৭০ বস্তা সরকারি সার নিয়ে আসেন। এর মধ্যে আনুমানিক ১৪০ বস্তা সার ইতোমধ্যে পানিতে ছিটিয়ে ফেলা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসী সারগুলোর উৎস সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্টদের কাছ থেকে কোনো সন্তোষজনক জবাব পাননি বলে দাবি করেন।
স্থানীয়দের প্রশ্ন, কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি সার কীভাবে বিপুল পরিমাণে একটি মাছের ঘেরে বা জলাশয়ে ব্যবহার করা হচ্ছিল।
পরে স্থানীয় জনগণ বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও তিথি মিত্র 'কে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবশিষ্ট প্রায় ৩২ বস্তা সার জব্দ করে নিয়ে যান।
ইউএনও তিথি বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ৩২ বস্তা সার জব্দ করে কৃষি কর্মকর্তার হেফাজতে রেখেছি। আগামীকাল সোমবার তদন্ত করা হবে। যদি এই সার অবৈধভাবে নিয়ে আসা হয় তাহলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় সরকারি সার কোথা থেকে এসেছে, কীভাবে জলাশয়ে ব্যবহার করা হচ্ছিল এবং এর সঙ্গে কারা জড়িত—তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।